• ই-পেপার

ইমামতি নিয়ে সংঘাত

জামায়াত এমপি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করছে, অভিযোগ বিএনপির

সোহান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
সোহান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড রায় হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার হারুন অর রশিদের ছেলে মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার সারসী গ্রামের নূর মুন্সির ছেলে মো. সাগর মুন্সি। রায় ঘোষণার সময় আদালতে আওয়াবিন মিয়া উপস্থিত থাকলেও সাগর পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার।

মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার সোহান সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের নুরুল ইসলাম ও লাইলী বেগম দম্পতির বড় ছেলে। সে ফোর্ডনগর বিআরটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি হ্যলোবাইক চালাত।
 
২০২১ সালের ১৯ জুলাই সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হন সোহান। দুপুরে খাবারের সময় বাড়িতে না ফেরায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ পর বাড়ি ফিরবেন বলে জানান। তবে পরে আবার ফোন করলে সেটি আর রিসিভ করেননি।

খোঁজাখুঁজির একপর্যায়ে সিংগাইর উপজেলার, খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী কাঁচা সড়কের পাশে সোহানের গলা কাটা মরদেহ দেখতে পান। এ সময় তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, হ্যালো বাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে সিংগাইর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আবুল কালাম ২০২১ সালের ৩০ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ডের মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আরাফাত হোসেন জিসানকে (২৪) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল (সোমবার) রাতে টহল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টহল টিম মহাসড়কে পৌরসদরের নুনাছড়া এলাকায় একটি ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এতে পিকআপসহ একজন ডাকাত আটক হলেও অন্যরা পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে  থানার ইনচার্জ মো. নুরুল আবচার জানান, আটকের পর ওই ডাকাত স্বীকার করে যে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা এক রোড ডাকাত দলের  সদস্যকে নুনা ছড়া এলাকার মহাসড়ক থেকে গ্রেপ্তার করেছে কুমিরা হাইওয়ে ফাঁড়ির টহল পুলিশ । পরে সীতাকুণ্ড থানায় ওই ডাকাতকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রত্যেককে ১টি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রত্যেককে ১টি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে : তথ্যমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী কথাগুলো বলেন। এসময় খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মাঠমুখী হতে হবে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়াচর্চা ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করার মাধ্যমে দক্ষ, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব।’

এদিকে, বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় ওই অনুষ্ঠানগুলোতে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। উপস্থিত ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্লা রেজাউল করিম।

শুধু ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নয়, আরো একাধিক আইডি থেকে হেনস্তার শিকার বিউটি পাল

অনলাইন ডেস্ক
শুধু ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নয়, আরো একাধিক আইডি থেকে হেনস্তার শিকার বিউটি পাল

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল শুধু ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজ নয়, আরো একাধিক ফেসবুক আইডি থেকে হেনস্তার শিকার হয়েছেন। ইতিমধ্যে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলো শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ডিফারেন্ট টাচ ব্যান্ডের ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশের সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি।

‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘নেতিবাচক ক্যাপশনে’ তার এই ভিডিও ভাইরাল করেন আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণ। এ ঘটনায় হেনস্তার শিকার বিউটি রানী পালের পাশে দাঁড়ান দেশের বিভিন্ন জেলার শিক্ষক, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা সংহতি প্রকাশ করে একই ধরনের ভিডিও প্রকাশ করেন। কেউ কেউ ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে ভিডিও তৈরি করে প্রতিবাদ জানান।  

বিউটি রানী পাল বলেন, গত বৃহস্পতিবার রাতে ভিডিওটা ভাইরাল হয়েছিল। পরদিন শুক্রবার বিকেলে জিডি করেছি। আসিফ ইকবাল হিরণ নামের একজন ব্যক্তির অনলাইন পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে আরেকটা ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামের পেজ থেকেও নেতিবাচকভাবে ছড়ানো হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট’ না করায় হিরণ ক্ষিপ্ত হয়ে ভিডিওটি নেতিবাচকভাবে প্রচার করেছেন আসিফ ইকবাল হিরণ।

বিউটি রানী পাল জানান, ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি সরিয়ে নেন এবং হিরণকে তার পেজ থেকে পোস্টটি মুছে ফেলতে অনুরোধ করেন। কিন্তু হিরণ তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, উনি আমার ভিডিও ডাউনলোড করে ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের পেজে প্রকাশ করেছেন এবং তার ব্যক্তিগত পেজেও আমার সম্পর্কে আজেবাজে কথা লিখেছেন।

ভুক্তভোগী শিক্ষকা অভিযোগ করে বলেন, হিরণ আমাকে ফোন করে বাড়ি কোথায়, স্থানীয় বাসিন্দা কি না—এমন ব্যক্তিগত প্রশ্ন করে হেনস্তার চেষ্টা করেছেন।

আইডি শনাক্তের বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, গত শুক্রবার ভুক্তভোগী শিক্ষিকা জিডি করেছেন। কয়েকটি ফেসবুক আইডির (পেজ) বিরুদ্ধে ওই জিডি করা হয়েছে, যে আইডিগুলো থেকে তাকে নিয়ে থেকে বিভিন্ন পোস্ট করা হয়েছে।

ওসি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। আমরা বর্তমানে ওই আইডিগুলো আইডেন্টিফাই (শনাক্ত) করার চেষ্টা করছি। উনি (শিক্ষিকা) যদি বিভ্রান্ত বা বিব্রত বোধ করেন, অথবা যদি মনে করেন ওনার মানহানি হয়েছে, তবে বিষয়টি সেভাবেই দেখা হবে।