কর্মজীবনের অন্যতম অস্বস্তিকর ও ভীতিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। সম্প্রতি এক পডকাস্টে এসে তিনি জানান, ৯০-এর দশকে দুবাইয়ে এক ‘আন্ডারওয়ার্ল্ড ডন’-এর ব্যক্তিগত অনুষ্ঠানে তাকে গান গাইতে বাধ্য করা হয়েছিল। সে সময় বলিউডে অপরাধচক্রের মারাত্মক প্রভাব থাকায় নিজের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি।
দুবাইয়ের সেই ব্যক্তিগত অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছিলেন শানু। তবে পেশাগত কারণে ও নিজের নিরাপত্তার কথা ভেবে তাকে সেই অনুষ্ঠানটি শেষ করতে হয়েছিল। সংগীতশিল্পী জানান, সেই সময়ে পরিস্থিতি এখনকার মতো ছিল না। প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে আসা অনুষ্ঠান গাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ বা সাহস কারো থাকত না। টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শানু বলেন, সেই সময়ের ভয়ার্ত পরিস্থিতি তিনি খুব কা্ছে থেকে দেখেছেন। তাই কোনো ঝুঁকির মধ্যে না গিয়ে আন্ডারওয়ার্ল্ড থেকে আসা গান গাওয়ার অনুরোধগুলো মেনে নেওয়াকেই তখনকার সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছিলেন।
পরবর্তী সময়ে ওই প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে তার কাজের খাতিরে কিছুটা সুসম্পর্ক তৈরি হয়। এমনকি কোনো সমস্যায় পড়লে শানুকে সাহায্য করার প্রস্তাবও দিয়েছিলেন তারা। তবে শানু কখনোই সেই সাহায্য নিতে চাননি। তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, ‘আমার দেখাশোনা করার প্রয়োজন নেই, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারব।’




/Porimonii S.jpg)

