চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির আঙিনার ডোবায় পড়ে জকিরাজ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মনসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জকিরাজ খাতুন ওই এলাকার মৃত হাফেজার রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি কুড়াতে বের হন জকিরাজ খাতুন। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির আঙিনার ডোবায় অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ১০টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে নাজিম উদ্দীন বলেন, সন্ধ্যার দিকে তার মা লাকড়ি কুড়াতে বাড়ির আঙিনায় গিয়েছিলেন। পরে দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, তার মা বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, লাকড়ি নিয়ে ফেরার সময় হোঁচট খেয়ে ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। পরে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






