• ই-পেপার

নাগরিক সমস্যা সমাধান করবে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে
ছবি: কালের কণ্ঠ

সরকার আগামী ৫ বছরে সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আগামী ৫ বছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করবে সরকার।   

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ থেকে একসময় প্রচুর খেলোয়াড় বের হয়ে আসতো। এখন কিছুটা কমে গেছে। বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। 

আমিনুল হক বলেন, সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। ডিজিটাল ডিভাইস থেকে শিশু-কিশোরদের দূরে রাখা, মাদকমুক্ত সমাজ গড়ার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এখনকার বাচ্চারা এতোই মোবাইল ডিভাইসে আসক্ত যে তারা এখন দেরি করে ঘুমায়। আমরা এই অভ্যাসে পরিবর্তন আনতে চাই। 

ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে জাতীয় শিক্ষাক্রমে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেন পরীক্ষার ৬০ শতাংশ নাম্বার খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা নাম্বারের জন্য হলেও শিক্ষার্থীদের মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই। 

আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসিরা কার্যক্রম শুরু করে দিয়েছেন। 

তিনি বলেন, সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি সবার জন্য সাঁতার শিখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে, তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করব। এই লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ। 

ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধ, দখলের অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধ, দখলের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দামুড়হুদা ফিলিং স্টেশনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে।

ফিলিং স্টেশনের মালিক শাজাহান আলী অভিযোগ করে বলেন, তার ছোট ভাই সেলিমের সঙ্গে জমি সংক্রান্ত তিনটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিরোধপূর্ণ জমির বৈধ কাগজপত্র তার ব্যাংকে জমা রয়েছে এবং ওই কাগজপত্রের ভিত্তিতেই তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন।

তিনি অভিযোগ করেন, মামলাগুলো চলমান থাকা অবস্থায় তার ভাইয়ের কাছ থেকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম ও রুস্তম আলী নামের দুই ব্যক্তি জমি ক্রয় করে দখল নিয়েছেন। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমি হস্তান্তর ও দখল নেওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে শরিফুল আলম বলেন, তিনি ও তার বন্ধু জুড়ানপুর গ্রামের আমেরিকা প্রবাসী রুস্তম আলী শাজাহান আলীর ছোট ভাই সেলিমের কাছ থেকে তার মালিকানাধীন ৯ শতক জমি ক্রয় করেছেন। জমি কেনার পর দীর্ঘদিন ধরে তারা দখল বুঝে পাননি।

তিনি দাবি করেন, এ বিষয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছে। তাদের সঙ্গে শাজাহান আলীর কোনো বিরোধ নেই। জমির বিক্রেতা সেলিম শনিবার তাদের কাছে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

এ বিষয়ে সেলিম বলেন, তার বড় ভাই শাজাহান আলী জমিটি নিলামে ক্রয় করার পর ২০১৪ সালে ৯ শতক জমি তার কাছে বিক্রি করেন। সম্প্রতি তিনি ওই জমির নিজের অংশ শরিফুল আলম ও রুস্তম আলীর কাছে বিক্রি করেছেন এবং শনিবার তাদের দখল বুঝিয়ে দিয়েছেন।

ভালুকায় ইটিপি প্ল্যান্ট মেরামত করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ইটিপি প্ল্যান্ট মেরামত করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক কারখানার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) মেরামতের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮) এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কোয়েল মিয়ার ছেলে ওয়েল্ডার হেলপার রুমেল মিয়া (২৫)।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ইটিপি প্ল্যান্টের মেরামতকাজ চলাকালে প্রথমে ওয়েল্ডার হেলপার রুমেল প্ল্যান্টের গর্তে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। তিনিও অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

পরে কারখানার অন্যান্য শ্রমিক তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি মান্নান
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শরীর ও মনকে সচল রাখতে মাঠে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। আমাদের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে।

​শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

​মাদক বিক্রেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নতুন আইনের মাধ্যমে মাদকসহ ধরা পড়লে জামিন পাওয়ার কোনো সুযোগ থাকবে না, এমনকি ফাঁসিও হতে পারে। তাই সময় থাকতে নিজের ও পরিবারের কথা চিন্তা করে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসুন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

​এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশের মুখোমুখি হয় শরীয়তপুর সুপার এলিভেন।

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী লড়াইয়ে খেলাধুলার ভূমিকা নিয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের এমন উদ্যোগ এবং বক্তব্য স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের যুব সমাজকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।