• ই-পেপার

বন্যায় দুর্গম জনপদে ত্রাণ নিয়ে অভিযাত্রিক, প্রথম ধাপে সহায়তা পেল ৪০০ পরিবার

এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় মহিলা দলের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনায় মহিলা দলের বিক্ষোভ
সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রবিবার বিকেলে পাবনা শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন মহিলাদলের নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহিলা দলের নেতাকর্মীরা।

পাবনা সদর উপজেলা মহিলা দলের উদ্যোগে রবিবার (১২ জুলাই) দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ম সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু, সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।

বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি না জেনে পাবনা সদর আসনের এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। 

সভায় এনসিপি নেতা তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।

 

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
আহত ফরিদ হোসেন। ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে রেলপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের বাসিন্দা এবং কণ্ঠশিল্পী আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি আসলে ট্রেনটির নিচে ঝাঁপ দেন ফরিদ হোসেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন সুমি জানান, দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি হয়েছে তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড।

আগামীকাল ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের মাঝে  আনন্দের জোয়ার বইছে। ঘোষিত কর্মসূচি থেকে জানা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে  সড়ক পথে ফরিদপুরের ভাঙ্গা অতিক্রম করে বরিশাল যাবেন। 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা  থেকে ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী চুমুরদী বাস স্ট্যান্ড পর্যন্ত আগামীকাল সকাল ৬টা থেকে মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ব্যাপক জনসমাগম ঘটাবেন। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে তৈরি হয়েছে তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড।

রবিবার বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শনে এসে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সার্বিক প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি তাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করার আহ্বান জানান।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা ভাঙ্গা টোল প্লাজা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী পর্যন্ত মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করলে ভাঙ্গা বাস স্ট্যান্ডে পথসভা হতে পারে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর বরিশাল উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ৪৩৮ জন এপিবিএন ও  পুলিশ সদস্য রবিবার সন্ধ্যায় ভাঙ্গায় পৌঁছেছেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গাথানা পুলিশের পাশাপাশি কাজ করছেন। এছাড়াও মহাসড়কে টহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।’

সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি-রামদাসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে রিভলবার, গুলি-রামদাসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদাসহ মো. সজিব আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সজিব মিজমিজি মাইজপাড়া (মধ্যপাড়া) এলাকার মো. সানা উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাঠের বাঁটযুক্ত কালো রঙের রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা এবং একটি পুরনো কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্ব থেকে একটি বৈষম্যবিরোধী মামলাও রয়েছে।