প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেড (এমজিএমসিএল)। প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহ নিশ্চিত হওয়ায় শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়, পাথর উত্তোলনে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এক মাস ২২ দিন পর নতুন চালানের বিস্ফোরক খনিতে পৌঁছালে আবারও উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন বলেন, বিস্ফোরকের ঘাটতির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। শুক্রবার ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এই মজুত দিয়ে আনুমানিক আড়াই মাস উৎপাদন চালানো সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতে সরবরাহ সংকট এড়াতে আরো ৩০০ টন বিস্ফোরকের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
খনি সংশ্লিষ্টরা জানান, সময়মতো বিস্ফোরক সরবরাহ না পাওয়ায় অতীতেও কয়েক দফা উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। তাই উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে বিস্ফোরকের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানিতে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। বর্তমানে খনিতে প্রায় ৭০০ শ্রমিক তিন শিফটে কাজ করছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের নতুন চুক্তির আওতায় প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলনের লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে।






