জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে তাদের বিশ্বাস ও আস্থা রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
শনিবার (১১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সমূর্ত জাহান মহিলা কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ‘বেহেশতের টিকিট’ বিক্রি করতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ তাদের বিশ্বাস না করে আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। এখন জনগণের সেই বিশ্বাস ও আস্থার সঠিক প্রতিফলন ঘটানো আমাদের দায়িত্ব। ভোটের মর্যাদা রক্ষা করতে হবে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িয়ে পড়ি, তাহলে জনগণ আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।’ তিনি দাবি করেন, নান্দাইলে সব ধরনের চাঁদাবাজি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। বিশেষ করে মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রথা দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই বন্ধ করা হয়েছে। নান্দাইলকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেও তিনি নান্দাইলের উন্নয়ন নিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় ব্যয় করেন। পৌরসভার উন্নয়নকাজে ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৩৬টি সেতু ও কালভার্ট এবং চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের বরাদ্দ চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সব জায়গায় কিছু না কিছু লোডশেডিং আছে। তবে আমি বিশেষ উদ্যোগে নান্দাইলের জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত করেছি। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় নান্দাইলে কম লোডশেডিং হচ্ছে। অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির আরো উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সমাবেশে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েততুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




