রাজধানীর মহাখালীতে পরকীয়ার জেরে প্রেমিকার ছুরিকাঘাতে মামুন ভূঁইয়া (২৮) নামের বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা খুন হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে মহাখালী টিবি গেট এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার দুপুরে মহাখালী টিবি গেট এলাকায় বিউটি আক্তারের ভাড়া বাসায় যান মামুন। সেখানে পরকীয়া প্রেমের জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। এক পর্যায়ে বিউটি ধারালো ছুরি দিয়ে মামুনের বুক ও পেটে আঘাত করেন এবং তার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে দেন।
বাড়ির মালিক সুমন মাহমুদ জানান, শুক্রবার (১০ জুলাই) বিউটি আক্তার বাসাটি ভাড়া নেন। শনিবার দুপুরে মামুন ওই রুমে আসার পর দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। পরে মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে বনানী থানা পুলিশ এসে বিউটি আক্তারকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক মো. তারেক হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রেমিকা বিউটি আক্তারকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া জানান, মামুন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে মামুন ছিলেন মেজো। মাত্র পাঁচ মাস আগে বাংলাদেশ রেলওয়েতে তার চাকরি হয় এবং মাসখানেক আগে তিনি কর্মস্থলে যোগদান করেছিলেন।
তিনি আরো জানান, পাঁচ বছর আগে জান্নাত নামের এক নারীর সঙ্গে মামুনের বিয়ে হয়। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা এবং তিনি গ্রামের বাড়িতে থাকেন।




