• ই-পেপার

ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৪ গাড়িতে আগুন

আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে মাদারীপুরে জিওব্যাগ ডাম্পিং

মাদারীপুর প্রতিনিধি
আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে মাদারীপুরে জিওব্যাগ ডাম্পিং
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নদীভাঙন প্রতিরোধে আপাতত জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এটি সাময়িক সমাধান হলেও ভবিষ্যতে ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি জাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করেছেন বলে জানান।

তিনি আরো বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর, জাজিরাসহ ১৭টি ভাঙনপ্রবণ পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভাঙনকবলিত মানুষের পাশে থেকে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, ‘জেলার ১৭টি ভাঙনপ্রবণ স্থানে প্রাথমিকভাবে প্রতিটি পয়েন্টে প্রায় ৮ হাজার জিওব্যাগ ফেলা হবে। এতে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমবে এবং ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন। পাশাপাশি দীর্ঘ মেয়াদে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে লাকসাম রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট, লাল-সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের কাপড়ের জুতা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি মো. জসিম উদ্দিন খোন্দকার জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআই সদস্যরা এসে আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা
ছবি : কালের কণ্ঠ

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে জমা পড়েছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, ১৯ গ্রাম স্বর্ণ (এর মধ্যে ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু) এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপা পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় সাত ঘণ্টা ধরে প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, নগদ টাকার পাশাপাশি দানবাক্সে ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি রিয়াল, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দিরহাম ২০ পয়সা, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি এবং ১০ সিঙ্গাপুর ডলার পাওয়া গেছে।

এ ছাড়া দান হিসেবে পাওয়া ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপাও উদ্ধার করা হয়েছে।

কমিটি জানায়, একই সময়ে মাজারে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়। এর মধ্যে গরু ও ৪০টি ছাগল লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। বাকি ২৫টি ছাগল বিক্রি করে ১ লাখ ১৫ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে।

সকাল সাড়ে ১১টায় মাজারের আর্থিক ব্যবস্থাপনাসংক্রান্ত উচ্চ কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং দরগাহ মাদরাসার ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত উচ্চ কমিটির বৈঠকে দ্বিতীয় দফায় দানবাক্সের অর্থ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছসহ সংশ্লিষ্টরা মাজারে উপস্থিত হন।

পরে সিলগালা করা তিনটি ঐতিহাসিক দানের ডেগ খুলে সেখান থেকে অর্থ বের করে মসজিদের সামনের খোলা প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে মাদরাসার শিক্ষার্থীরা প্রকাশ্যে টাকা গণনা করেন। নিরাপত্তার জন্য মাজার এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল।

প্রসঙ্গত, গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হয়। সে সময় চার দিনে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা গণনা শেষে সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হয়েছিল।

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে : আমানউল্লাহ

সাভার (ঢাকা) প্রতিনিধি
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে : আমানউল্লাহ
ছবি : কালের কণ্ঠ

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, অন্যায়, জুলুমকারী, অত্যাচারকারী, ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী কখনোই চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের ক্ষমা করবে না। 

শনিবার (১১ জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের পানপাড়া লোকনাথ মন্দিরে ঘাটলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই উল্লেখ করে আমানউল্লাহ বলেন, তেঁতুলঝোরাসহ কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। চাঁদাবাজ-সন্ত্রাসীরা যদি বিএনপির লোক হয়েও থাকে, তাদের আগে গ্রেপ্তার করতে হবে। ভূমিদস্যুর ঠাঁই বিএনপিতে হবে না। 

আমানউল্লাহ বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আমি আপনাদের মর্যাদা রক্ষা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে কাজ করে আমরা জনগণের মন জয় করব, আমরা জনগণের পাশে দাঁড়াব।’

মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যক্রম চলছে। তেঁতুলঝোরা, ভাকুর্তা, আমিনবাজারসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।