মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী হাসাইন (৯)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তিনি গাংনী এতিমখানা ও মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন।
এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, সকালে অন্যান্য শিক্ষার্থীরা ফুলবাগানে কাজ করছিল। এ সময় হাসাইন কক্ষে অবস্থান করছিল। পরে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তবে এতিমখানার একাধিক শিক্ষার্থীর দাবি, তারা হাসাইনকে কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্যে অসঙ্গতি দেখা গেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুব নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।







