সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে বৃষ্টির কারণে ব্যাহত হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন তিনি।
রবিবার (১৯ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে বৃষ্টি-পরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব নির্দেশনা দেন মেয়র।
সভায় মেয়র প্রধান প্রকৌশলী আনিসুর রহমানের কাছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সর্বশেষ পরিস্থিতি জানতে চান। এ সময় প্রধান প্রকৌশলী নগরীর বিভিন্ন এলাকায় সড়কের ক্ষয়ক্ষতি এবং সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সংস্কারকাজে বিলম্ব করা যাবে না।’
তিনি আরো বলেন, বৃষ্টির পানির সঙ্গে পাহাড়ি মাটি, কাদা ও বিভিন্ন ধরনের বর্জ্য সড়কে জমে জনদুর্ভোগ বাড়াচ্ছে। এসব দ্রুত অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে হবে।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




