সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হতে যাচ্ছে ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা ২০২৬’। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন এই মেগাপ্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিযোগিতাটি বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ইতিমধ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়
গ্রুপ ‘ক’ (অনূর্ধ্ব ৩০ বছর) : ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। তাফসিরের বিষয় : সুরা ফাতিহা, সুরা বাকারা ও সুরা আলাক।
গ্রুপ ‘খ’ (অনূর্ধ্ব ৪০ বছর) : কামিল, দাওরায়ে হাদিস এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা এই গ্রুপে আবেদন করতে পারবেন। তাফসিরের বিষয়: সূরা আন-নূর, সূরা ইয়াছীন, সূরা হুজরাত, সূরা আর রাহমান ও সূরা ওয়াকিয়াহ।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। এছাড়া পবিত্র কুরআনের শাব্দিক অর্থসহ তরজমা করার যোগ্যতা এবং উলুমুল কোরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ ও বালাগাতসহ প্রয়োজনীয় বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।
আকর্ষণীয় পুরস্কারের মূল্যমান
জাতীয় ও বিভাগীয়—উভয় পর্যায়েই বিজয়ীদের জন্য বিশাল অঙ্কের অর্থ ও সম্মাননা রয়েছে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন (একজন) পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। ১ম রানার্স আপ (দুই জন) পাবেন দেড় লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। ২য় রানার্স আপ (দুই জন) পাবেন ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।
এদিকে বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র। ২য় পুরস্কার বিজয়ী পাবেন নগদ ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র। ৩য় পুরস্কার বিজয়ী পাবেন নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।
আবেদনের নিয়মাবলী ও নির্বাচন প্রক্রিয়া
১। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে এই লিঙ্কের (https://tinyurl.com/tafsircompetition26) মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
২। ইসলামিক ফাউন্ডেশনের ৮টি বিভাগীয় কার্যালয়ের (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ) যেকোনো একটিকে বেছে নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে এবং তা অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে।
৩। বিভাগীয় পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
৪। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে রাজধানী ঢাকায় এক সপ্তাহের বিশেষ গ্রুমিং বা প্রশিক্ষণ প্রদান করা হবে। এরপরই অনুষ্ঠিত হবে চূড়ান্ত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
৫। নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সহায়ক গ্রন্থাবলী : প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সাফওয়াতুত তাফাসীর, কালিমাতুল কুরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারী, তাফসীর ইবনে কাছীর ও তাফসীরে মারেফুল কুরআনকে সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়েছে।




