সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জনকারী ৩৪ জনকে সম্মাননা পদক দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে এ প্রীতি সম্মেলনের আয়োজন করে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরব থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ড. মুহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত খালেদ বিন সাঈদ আলে হাদাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সৌদি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সেক্রেটারি ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
এ প্রীতি অনুষ্ঠানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের সাবেক শিক্ষক শায়খ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-কে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়েছে। তা ছাড়া সম্মাননা পদক পাওয়া উল্লেখযোগ্য গ্রাজুয়েটদের মধ্যে ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সাবেক শিক্ষক ড. মাওলানা আব্দুস সালাম রিয়াদি প্রমুখ।
অনুষ্ঠানে আরবি ভাষায় বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চাই না, সৌদি আরবের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা শুধুমাত্র সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যগত ও সাধারণ চাকরির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। বরং আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে আশা করি, তারা নিজ নিজ ক্ষেত্রে একেকজন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক রেফারেন্স এবং বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিজেদের গড়ে তুলবেন।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেকোনো দূরদর্শী ও অগ্রগামী চিন্তাভাবনাকে গ্রহণ করতে অত্যন্ত আন্তরিক। এই দৃষ্টিকোণ থেকে, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক শিক্ষার্থীদের উচিত, উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে—যার যার নিজস্ব অঙ্গনে—নেতৃত্ব দেওয়া এবং সমাজে মধ্যপন্থা, পরমতসহিষ্ণুতা ও আলোকিত চিন্তাধারার প্রসারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি এক বিবৃতিতে জানায়, চলতি বছর সংগঠনটির পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা ৩৪ জন গ্রাজুয়েটকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন। এ অনুষ্ঠানে শায়খ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-কে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়েছে। তিনি সৌদি আরবের ১৯৯৮ সালে ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পক্ষ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তাঁর ছেলে শায়খ উসামা খন্দকার।
উল্লেখ্য, সৌদি ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (এসইউএএবি) বা সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ হলো সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা বাংলাদেশি গ্র্যাজুয়েটদের একটি সংগঠন। এর মূল উদ্দেশ্য হলো, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও সৌহার্দ্যবোধ তৈরি করা। এই সমিতির উদ্যোগে প্রতিবছর সেমিনার, আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।




