গাজীপুরে একটি বিয়ে বাড়িতে উৎসব চরাকালে মিথিনলযুক্ত অ্যালকোহল (মদ) পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সজিব (২২) ও রনি মিয়া (২০)। সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রাজ্জাক ওরফে রেজাকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচা মালের ব্যবসা করতেন। আর রনি মিয়া একই জেলার মোস্তফা ইসলামের ছেলে এবং বাইমাইল কাদের মার্কেট এলাকার তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, গত ১০ জুলাই রাতে কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে সজিব ও রনি মিয়া মিথিনর মিশ্রিত অ্যালকোহল পান করে। পরদিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়। উন্নতি না হলে তাদের স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৯ জুলাই) ভোর চারটার সময় সজিব এবং বিকেল সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যায়।
মৃত রনি মিয়ার নানি রেজিয়া খাতুন জানান, ভিক্ষাবৃত্তি করে তিনি নাতিকে পড়াশোনা করাচ্ছিলেন। সে ভদ্র ছিল। কোনো দিন নেশা করেনি। ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
গাজীপুর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, শুনেছি তারা মিথিনলযুক্ত অ্যালকোহলযুক্ত মদ পান করে তারা মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





