ভারতের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার রণবীর কাপুর ও সাই পল্লবীকে রাম-সীতার চরিত্রে কেন বেছে নিয়েছেন, তা জানালেন পরিচালক নিতেশ তিওয়ারি।
রবিবার (১৯ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার নয়াদিল্লিতে সিনেমাটির প্রচারণামূলক অনুষ্ঠান ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনেমার অভিনয়শিল্পী ও নির্মাতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, শোভনা, সানি দেওল, রাভি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অজিঙ্কা দেও, অরুণ গোভিল ও কুনাল কাপুর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনেমার ভিজ্যুয়াল ও চরিত্রগুলোর বিস্তারিত ধারণা দেওয়া হয়। নির্বাচিত কিছু দর্শক সিনেমাটির ট্রেলারের বিশেষ ঝলকও দেখেন।
চোখে সংক্রমণের কারণে সানগ্লাস পরে অনুষ্ঠানে এসেছিলেন রণবীর। তিনি বলেন, ভগবান রামের চরিত্রটি যেন তাকেই বেছে নিয়েছে।
অরুণ গোভিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর বলেন, ছোটবেলা থেকেই রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ তাকে রামের চরিত্রে দেখে বড় হয়েছেন তিনি।
রণবীর বলেন, অরুণ গোভিল বহু বছর ধরে সৌন্দর্য, আন্তরিকতা ও মর্যাদার সঙ্গে রামের চরিত্রে অভিনয় করেছেন। তিনি যদি অরুণ গোভিলের মতো সামান্যও রামকে তুলে ধরতে পারেন, তাহলে তার পরিশ্রম সার্থক হবে।
অন্যদিকে সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ায় নির্মাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও সম্মানজনক সুযোগগুলোর একটি।
সাই বলেন, পর্দায় কোনো দেবীর চরিত্রে অভিনয় করা সহজ নয়। এ ধরনের চরিত্র পাওয়া একজন অভিনেতার জন্যও বড় চ্যালেঞ্জ।
তবে রণবীর ও সাইকে কেন প্রথম পছন্দ করেছিলেন পরিচালক?
নিতেশ তিওয়ারি বলেন, ‘একজন শিল্পীর চোখ কখনো মিথ্যা বলে না।’
পরিচালকের ভাষায়, তিনি রণবীরের চোখে ভগবান রামকে দেখেছেন। আর সাই পল্লবীর চোখে দেখেছেন দেবী সীতাকে।
নিতেশ বলেন, ‘তাদের চোখ কখনো মিথ্যা বলে না। আমি তাদের চোখে সত্য দেখতে পাই।’
আরো পড়ুন
ক্যাটরিনার জন্মদিনের পোস্টে ভিকি, ছেলের ছবি ঘিরে চমক
অনুষ্ঠানে যশ ও সানি দেওলের উপস্থিতিতেও চমক ছিল। সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। আর হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।
যশ সিনেমাটির বড় পরিকল্পনা নিয়ে কথা বলেন। সানি দেওল তার চরিত্রকে ‘দুষ্টু-মিষ্টি’ বলে উল্লেখ করেন। তিনি জানান, দ্বিতীয় পর্বে তার চরিত্রের ভূমিকা আরও বড় হতে পারে।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ সংগীত পরিবেশন করেন ঋষভ ঋখিরাম শর্মা। হ্যান্স জিমার ও এ আর রহমানের সঙ্গে সিনেমাটির সংগীতে কাজ করছেন তিনি।
অনুষ্ঠানে ঋষভকে ‘রামায়ণ’ পরিবারের নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
প্রযোজক নমিত মালহোত্রা জানান, ‘রামায়ণ’ নির্মাণে প্রায় এক দশক ধরে কাজ চলছে। সিনেমাটি নির্মাণে প্রায় ১০ হাজার মানুষ কাজ করেছেন।
নির্মাতারা জানিয়েছেন, ২৪ জুলাই বিশ্বজুড়ে ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি পাবে। ভারতীয় সিনেমায় আগে দেখা যায়নি—এমন বিশাল পরিসরে মহাকাব্যটি দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।