নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালক নাদিমের (৫০) ঘুষিতে অটোরিকশাচালক রফিকের (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিক পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অপর দিকে আটক নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকারচালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে আটক হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’








