মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখি সেলফি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিক্যাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।








