বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ডিজিটাল রূপান্তরের (ডিজিটাল ট্রান্সফরমেশন) মাধ্যমে তারা যেন দেশের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে সরাসরি অবদান রাখতে পারেন, সেই লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন–ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন : পাথওয়ে টুয়ার্ডস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই তথ্যের কথা জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় শিখন ঘাটতি কমানো এবং শিক্ষা ও গবেষণায় সবার সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ, ক্যাম্পাসজুড়ে বিনা মূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ও ই-রিসোর্সে প্রবেশাধিকার সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন আগামী দুই বছরের মধ্যে এসব লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
ডিজিটাল অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘উচ্চশিক্ষায় এই রূপান্তরের উদ্দেশ্য কেবল প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা নয়; বরং ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে মানসম্মত শিক্ষা ও গবেষণার সমান সুযোগ পায়, তা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে জানানো হয়, ইউজিসি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক ও নতুন বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স ও গবেষণা সামগ্রীর সুবিধা পাবে। পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনলাইনের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠদান, গবেষণা তত্ত্বাবধান এবং একাডেমিক সহযোগিতা বাড়াতে পারবেন। প্রকল্প শেষ হওয়ার পরও যেন কার্যক্রমটি অব্যাহত থাকে, সেজন্য একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির আশ্বাসও দেন ইউজিসি প্রধান।
সভায় বক্তারা চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার জোর তাগিদ দেন। ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেব্রতম ভট্টাচার্য এবং হেড অব পাবলিশিং কুদসিয়া আহমেদ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন।






