• ই-পেপার

জাককানইবি নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করছেন শ্রমিকরা, বিভিন্ন সময় নিহত ৩

বর্ষা উদযাপনে চারুকলায় ‘ঘনঘটা-২’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বর্ষা উদযাপনে চারুকলায় ‘ঘনঘটা-২’ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’।

শুক্রবার বেলা ১১টা থেকে অর্থী আহমেদ ড্যান্স একাডেমির উদ্যোগে শুরু হওয়া ৯০ মিনিটের এই আয়োজনে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেয়।

বর্ষার আবহ ও বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্যানুষ্ঠান উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সামাজিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ওই বুথে আর্থিক সহায়তা করেন।

আয়োজকরা জানান, এবারের ‘ঘনঘটা-২’ এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

অবশেষে ৪৭তম বিসিএসের সংশোধিত ফলে শেকৃবির ১৩ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত

অনলাইন ডেস্ক
অবশেষে ৪৭তম বিসিএসের সংশোধিত ফলে শেকৃবির ১৩ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত
সংগৃহীত ছবি

ক্যাডার বঞ্চিতের অভিযোগ তুলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের টানা ১২ দিনের আন্দোলনের পর ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সংশোধন এনেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে লাইভস্টক ক্যাডারে নতুন করে ১৪ প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১৩ জনই শেকৃবি এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থী।

বৃহস্পতিবার পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

সংশোধিত ফলাফলে দেখা যায়, লাইভস্টক ক্যাডারে মেধাতালিকার প্রথম দশজনের মধ্যে তিনজনই শেকৃবির শিক্ষার্থী। তাদের মধ্যে আহসান হাবিব সজিব প্রথম স্থান অর্জন করেছেন। এ ছাড়া শেকৃবির আরো দুই শিক্ষার্থী চতুর্থ ও দশম স্থান অধিকার করেছেন। একই সঙ্গে ১৫তম স্থানেও রয়েছেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী।

এর আগে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এএসভিএম অনুষদের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন শিক্ষার্থীর একজনও লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হননি। অথচ ওই বিসিএসে লাইভস্টক ক্যাডারে শূন্যপদের সংখ্যা ছিল ৭১টি। এমন ফলাফলকে অস্বাভাবিক উল্লেখ করে শুরু থেকেই শিক্ষার্থীরা এটিকে কারিগরি ত্রুটি বা কোড-সংক্রান্ত জটিলতার ফল বলে দাবি করে আসছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ফলাফল পুনর্মূল্যায়ন ও তদন্তের দাবি জানান শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে ফলাফল সংশোধনের দাবিতে চার দফা দাবিতে গত ৫ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা আন্দোলন শুরু করেন এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

অবশেষে পিএসসির সংশোধিত ফলাফলে নতুন করে ১৪ জনকে লাইভস্টক ক্যাডারে সুপারিশ করা হয়, যার মধ্যে ১৩ জনই শেকৃবির শিক্ষার্থী। সংশোধিত এ ফলাফলকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতার স্বীকৃতি হিসেবে দেখছেন।

এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক
এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আগামী ২০ ‍জুলাইকে লক্ষ্য নিয়ে ফল প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য ধরে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রতীকী ছবি

বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সব বিষয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধাসহ সার্বিক বিষয় বিবেচনায় ২০২৬ সালের চলমান এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যাতীত) অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।