ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীতে ঝাপ দিয়ে একসঙ্গে আত্মহত্যা করতে প্রেমিকাকে নিয়ে সেতুতে গিয়েছিলেন এক যুবক। তবে প্রেমিক ঝাঁপ দেওয়ার পরপরই যোগ হয় নাটকীয়তা। যুবক যখন যমুনার অথৈ জলে হাবুডুবু খাচ্ছেন, তখন তাকে বাঁচানোর চেষ্টা না করে কিংবা পুলিশকে না জানিয়েই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান প্রেমিকা। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের তাৎক্ষণিক তৎপরতায় বেঁচে গেছেন ওই যুবক।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনাটি বৃহস্পতিবার (১৬ জুলাই) উত্তর প্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে ঘটেছে।
পুলিশ জানিয়েছে, যমুনায় ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম অনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার ওই তরুণ-তরুণী একসঙ্গে নতুন যমুনা সেতুতে এসেছিলেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল, তারা হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সেখানে এসেছেন।
কিন্তু সেতুতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অনু হুট করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। আর তার এই কাণ্ড দেখেই থমকে যান পাশে থাকা প্রেমিকা। তিনি প্রেমিককে উদ্ধারের কোনো চেষ্টা না করেই উল্টো পথ ধরে সেখান থেকে দ্রুত হেঁটে চলে যান।
ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। স্থানীয় দক্ষ ডুবুরিদের সহায়তায় যমুনার বুকে শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে টেনে তুলতে সক্ষম হন ডুবুরিরা।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন বলে জানানো হয়েছে।
এদিকে, আত্মহত্যার চেষ্টার পেছনে ঠিক কী কারণ ছিল এবং প্রেমিকের ঝাঁপ দেওয়ার পরপরই কেন ওই তরুণী পালিয়ে গেলেন, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ ওই তরুণীর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। ঘটনার সবদিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।





