• ই-পেপার

বামপন্থী সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান রুবিওর

ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, ২ শিক্ষার্থীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
ভারতে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, ২ শিক্ষার্থীসহ নিহত ৩
ছবি : এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও ভ্যানচালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরো কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার (১৭ জুন) সকাল ৭টায় মুর্শিদাবাদের বহরমপুর এলাকায়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর রেলক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এ সময় স্কুল ভ্যানটি লাইন পার হতে গেলে নিমতিতা-কাটোয়াগামী আরেকটি যাত্রীবাহী ট্রেন এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভ্যানটির দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনের ওপর ছড়িয়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনার পর কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ ঘটনায় দায়িত্বে থাকা গেটম্যান ও একজন সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেছে।

এক রেল কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে স্কুলশিক্ষার্থী বহনকারী একটি ভ্যান রেললাইন পার হওয়ার সময় একটি লোকাল ট্রেন সেটিকে ধাক্কা দেয়। ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ ও রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গেটম্যানের অবহেলার অভিযোগসহ দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য গেটম্যানের অবহেলাকেই দায়ী করেছেন।


 

কঙ্গোর রেইনফরেস্টে নতুন প্রজাতির বানরের সন্ধান বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক
কঙ্গোর রেইনফরেস্টে নতুন প্রজাতির বানরের সন্ধান বিজ্ঞানীদের
ছবি: রয়টার্স

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের গভীর রেইনফরেস্টে বিজ্ঞানীরা নতুন এক প্রজাতির বানর শনাক্ত করেছেন। ছোট আকারের এই কালো বানরটির মুখের চারপাশে রয়েছে হালকা রঙের বিশেষ দাগ, যা তাকে অন্য বানর থেকে আলাদা করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নতুন এই প্রজাতির বানর পাওয়া গেছে কঙ্গোর লোমামি জাতীয় উদ্যানে। গবেষকেরা জানিয়েছেন, এটি এক ধরনের কোলোবাস বানর। স্থানীয় মানুষের কাছে এটি আগে থেকেই ‘লিকওয়েলি’ নামে পরিচিত ছিল। গবেষকেরা নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দিয়েছেন ‘কোলোবাস কঙ্গোএনসিস’। বিজ্ঞানীরা বলছেন, গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বানরের প্রজাতির মধ্যে এটি পঞ্চম। গবেষণার অংশ হিসেবে দুটি লিকওয়েলি বানরের গাছের ডালে বসে থাকা ছবিও প্রকাশ করা হয়েছে।

গবেষকদের মতে, এই বানরের আকার তুলনামূলক ছোট। এর মুখের গঠন অনেকটা মুখোশের মতো। মুখ ও নাকের চারপাশে উজ্জ্বল কমলা-ক্রিম রঙের একটি বিশেষ দাগ রয়েছে, যা এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। গবেষণায় দেখা গেছে, নতুন শনাক্ত হওয়া এই বানরের ডাক বা গর্জনের শব্দের ধরন অন্য কোলোবাস বানরের তুলনায় আলাদা। বিজ্ঞানীরা মনে করছেন, এই আলাদা বৈশিষ্ট্যই প্রমাণ করে যে এটি একটি স্বতন্ত্র প্রজাতি। লুকুরু বন্যপ্রাণী গবেষণা ফাউন্ডেশনের সংরক্ষণবিষয়ক বিজ্ঞানী জন হার্ট বলেন, এই আবিষ্কার আবারও প্রমাণ করেছে যে মধ্য কঙ্গো অববাহিকার বিশাল জীববৈচিত্র্যের অনেক অংশ এখনো বিজ্ঞানীদের নথিভুক্ত করার বাইরে রয়েছে। তিনি বলেন, ওই অঞ্চলের বনাঞ্চলে এখনো এমন অনেক প্রাণী থাকতে পারে, যাদের সম্পর্কে মানুষের খুব কম তথ্য রয়েছে।

তবে নতুন এই বানরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকেরা। তাদের মতে, লিকওয়েলি বানরের বসবাসের এলাকা সীমিত এবং এর সংখ্যা খুব বেশি নয়। ফলে এটি এরই মধ্যে ঝুঁকির মধ্যে থাকতে পারে। গবেষকেরা প্রস্তাব করেছেন, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ যেন নতুন এই প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে। তাদের মতে, দ্রুত সংরক্ষণ উদ্যোগ নেওয়া না হলে এই বিরল বানরের সংখ্যা আরো কমে যেতে পারে।
 

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি কঠোর করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি কঠোর করল যুক্তরাষ্ট্র
ছবি : রয়টার্স

ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর ভিসানীতির ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। এ ছাড়া বিষয় পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে।

আগে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়াতে পারত। তবে নতুন নীতিতে সেই সুবিধাও কমানো হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে এই নীতিমালা কার্যকর হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এর উদ্দেশ্য ভিসার অপব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তা আরো জোরদার করা। তবে বিদেশি শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস এই নীতিকে ভুলভাবে নির্দেশিত এবং অপ্রয়োজনীয় বলে সমালোচনা করেছে।

এর আগে, এফ-১ ও জে-১ ভিসাধারী শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। নতুন নীতি সেই অবস্থানের ওপর নির্দিষ্ট সময়সীমা আরোপ করবে। সরকারের অনুমতি ছাড়া চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন না বিদেশি শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্নাতক পর্যায়ের কোর্স সাধারণত চার বছরের হলেও, ডক্টরেটসহ স্নাতকোত্তর পর্যায়ের অনেক কর্মসূচি সম্পন্ন করতে সাধারণত বেশি সময় লাগে।

বিদেশি শিক্ষার্থীদের বেশির ভাগই স্নাতকোত্তর পর্যায়ে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন। এসব বিষয়ে গবেষণা ও গবেষণাপত্র প্রকাশে বেশি সময় লাগে। এ ছাড়া গবেষণার অর্থায়নের অভাব ও ব্যক্তিগত কারণে অনেকের পড়াশোনার সময়ও বেড়ে যায়।

নতুন নীতিতে বলা হয়েছে, পড়াশোনা শেষ করার পর বা অন্য কোনো ভিসায় পরিবর্তন হলে বিদেশি শিক্ষার্থীদের ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। আগে এ জন্য ৬০ দিনের সময় দেওয়া হতো। এই পরিবর্তনের ফলে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা সম্পন্ন করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা নাফসা : অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির সমালোচনা করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী ফ্যান্টা আও বলেন, এই নীতিমালা দীর্ঘদিন ধরে কার্যকর একটি ব্যবস্থায় অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও ভয়ের পরিবেশ তৈরি করবে। তার মতে, এটি এমন একটি সমস্যার সমাধানের চেষ্টা, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

বিশ্লেষকদের মতে, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও সীমিত করাই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর অংশ হিসেবে প্রশাসন কিছু নামকরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সীমিত করার চেষ্টা করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করা কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিলের উদ্যোগও নিয়েছে।

সোনমকেই শিক্ষামন্ত্রী বানানো উচিত, কেজরিওয়ালের মত

কালের কণ্ঠ ডেস্ক
সোনমকেই শিক্ষামন্ত্রী বানানো উচিত, কেজরিওয়ালের মত

দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মনে করেন, সোনম ওয়াংচুককেই ভারতের শিক্ষামন্ত্রী নিয়োগ করা উচিত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছেন লাদাখের বিখ্যাত প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবাদী সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার যন্তর মন্তরে ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গিয়ে কেজরিওয়াল বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ করে সোনম ওয়াংচুককে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা উচিত।’

কেজরিওয়াল বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তরুণদের উদ্বেগের সমাধান সরকারকে অবশ্যই করতে হবে।

তিনি বলেন, ‘প্রতিবছর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় এবং যুবসমাজকে এর খেসারত দিতে হয়। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন তারা শিক্ষার্থী ও ওয়াংচুকের কথা শোনে।’

আন্না হাজারের সঙ্গে যন্তর মন্তরে ২০১১ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে কেজরিওয়াল বলেন, ‘আজ এখানে আসার সময় আমার ২০১১ সালের ৪ এপ্রিলের কথা মনে পড়ে গেল। তিন বছর পর, সেই সরকার ক্ষমতা হারিয়েছিল কারণ তারা জনগণের কথা শুনতে ব্যর্থ হয়েছিল।’

আমরণ অনশনের ২০ দিনে ওয়াংচুক ৯ কেজিরও বেশি ওজন হারিয়েছেন। তার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নেমে যাচ্ছে। বেড়ে গেছে ইউরিক এসিড।

এদিকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ওয়াংচুককে তার অনশন শেষ করার আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার নেয়া এসোসিয়েশনের একটি প্রস্তাবে বলা হয়, সোনমের এই পদক্ষেপ জাতির বিবেককে জাগিয়ে তুলেছে।

এসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং বৃহস্পতিবার যন্তর মন্তর পরিদর্শন করেন এবং সোনমের কাছে একটি চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বলা হয়েছে, ‘ভারতের একটি ভেঙ্গে পড়া ব্যবস্থার জন্য আপনার মারা যাওয়ার প্রয়োজন নেই। আমরা চাই আপনি বেঁচে থাকুন, কাজ করুন এবং সামনে থেকে আমাদের নেতৃত্ব দিন।’

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক। আন্দোলনেন অংশ হিসেবে আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ককরোচ পার্টি ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। সোনম ওয়াংচুক এক ভিডিও বার্তায় সবাইকে ২০ জুলাইয়ের কর্মসূচিতে শরিক হওয়ার ডাক দিয়েছেন।