• ই-পেপার

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

শওকত আজিজ রাসেল

পলিসি সংস্কার করে শিল্পমালিকদের সহায়তা দিতে হবে

অনলাইন ডেস্ক
পলিসি সংস্কার করে শিল্পমালিকদের সহায়তা দিতে হবে

গ্যাসসংকটসহ বিভিন্ন কারণে দেশে বর্তমানে ১২১টি স্পিনিং মিল বন্ধ আছে বলে জানিয়েছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে তিনি আরো বলেন, আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে এটা ‘বেসিক ইন্ডাস্ট্রি’।

এটা অনেক বড় একটি খাত। তবে এই শিল্প অব্যবহৃত এবং অবহেলিত। এজন্য পলিসি সংস্কার করে শিল্প মালিকদের সহায়তা দিতে হবে। প্রতিবেশী দেশ ভারত এমনটা করছে।

সংগঠনের সভাপতি আরো বলেন, সরকার দেশের অদূর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তাভাবনা করে। কিন্তু গ্যাস সংকটের প্রভাব অদূর ভবিষ্যতে অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা আমরা চিন্তাভাবনায় রাখি না। এ বিষয়ে আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত আজকের (বুধবার) বৈঠকে আমরা ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। তিনি বিষয়টি উপলব্ধি করেছেন। বিশেষ করে গ্যাসের সংকট, টাকার সংকট, ব্যাংকিং ব্যবস্থার সংকট, মাস্তানদের নিয়েও একটি সংকট আছে। এ বিষয়গুলো সব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। এজন্য প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে আবার আমাদের তার কাছে ডেকেছেন। এই পরিস্থিতির সমাধানের জন্য প্রধানমন্ত্রী তার অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা ধারণা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি সুরাহা করতে চান এবং এ বিষয়ে একটি রোডম্যাপ করতে চান। এই উদ্যোগে আমরা স্বস্তি প্রকাশ করছি।

বিটিএমইএ সভাপতি আরো বলেন, আমাদের টেক্সটাইলে ২৩ বিলিয়ন ডলার, আর এক্সেসরিজে ৬ বিলিয়ন ডলার, আরএমজিতে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। আর এই সব খাতই এখন সংকটের মুখে আছে। কারণ সরকারের এখানে মনোযোগ ও চিন্তাভাবনার অভাব আছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটির 'মিট অ্যান্ড গ্রিট' সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটির 'মিট অ্যান্ড গ্রিট' সভা অনুষ্ঠিত

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটি ২০২৬-এর ‘মিট অ্যান্ড গ্রিট (Meet & Greet)’ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স টাওয়ারের ১২তম তলায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সোসাইটির নবগঠিত কমিটির প্রেসিডেন্ট শেখ মজিবর রহমান ইকবাল এমপি, মহাসচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা, অর্থ সচিব মো. ইমরুল হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী দিদার আহমেদ এবং সহ-সভাপতিগণ— চৌধুরী নায়াব ইউসুফ এমপি, এস. এ. জিন্নাহ কবির এমপি ও মোস্তফা কামাল মহিউদ্দিনসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন।

সভায় বসুন্ধরা আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ, বাসিন্দাদের কল্যাণ, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা একটি আধুনিক, নিরাপদ ও বাসিন্দাবান্ধব বসুন্ধরা আবাসিক এলাকা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয় যে, নবগঠিত কমিটির এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আগামী দিনের সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার ভিত্তি হিসেবে কাজ করবে।

সভা শেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

দেশের রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
দেশের রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। 

বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

এদিকে চলতি জুলাইয়ের প্রথম ২০ দিনে দেশে ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আরো ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বিশ্ববাজারে সোনা-রুপার দাম দুই সপ্তাহে সর্বোচ্চে

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার দাম দুই সপ্তাহে সর্বোচ্চে
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংকট ও নিরাপদ বিনিয়োগের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় বিশ্ববাজারে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা এবং আগামী সপ্তাহে বসতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) বৈঠকের দিকে নজর রাখছেন। এই বৈঠক থেকেই সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতেই দাম বেড়ে গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ স্থানে উঠে যায়।

অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলারে বেচাকেনা হয়।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভট্রেডস’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘জ্বালানি তেলের বাড়তি দাম মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে এবং সুদের হার দীর্ঘমেয়াদে উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কা থাকলেও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার বাড়তি চাহিদা সেই চাপ কিছুটা সামাল দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উদ্যোগ সংঘাত কমাতে পারে এবং তেলের দামের ওপর চাপ কমাতে সাহায্য করবে—এমন আশাও কাজ করছে।’

ইভানজেলিস্তা আরো বলেন, ‘জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে সোনার বর্তমান ঊর্ধ্বমুখী গতি কিছুটা বাধার মুখে পড়তে পারে। তবে প্রতি আউন্স ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমা এখনো সোনার জন্য একটি শক্তিশালী টেকনিক্যাল ভিত্তি হিসেবে কাজ করছে।’

চলতি বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে গিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার উঁচু রাখতে বাধ্য হয়। সাধারণত সোনাকে মূল্যস্ফীতি প্রতিরোধী সম্পদ হিসেবে গণ্য করা হলেও সুদের হার বেশি থাকলে সুমহীন এই ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।

রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ফেডারেল রিজার্ভ ২০২৬ সালের বাকি সময় মূল সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ফেড দুবার সুদের হার বাড়াতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী সেপ্টেম্বরেই ফেড কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬৮ শতাংশ বলে মনে করছেন।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১.১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গয়নার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।