• ই-পেপার

ভুল হলে তাওবায় মেলে অসীম ক্ষমা

হাদিসের বাণী

আল্লাহ কাউকে ভালোবাসলে যেভাবে তা প্রকাশ করেন

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহ কাউকে ভালোবাসলে যেভাবে তা প্রকাশ করেন
সংগৃহীত ছবি

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমি তার সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করলাম। আর বান্দা আমার যে সমস্ত কাজের মাধ্যমে নিকটবর্তী হয়, সেগুলো হলো—আমি তার ওপর যা কিছু ফরজ করেছি তা (ফরজ ইবাদাতসমূহ সে পালন করে) আর আমার বান্দা নফল ইবাদাতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, এমনকি তখন আমি তাঁকে ভালোবাসতে শুরু করি। তারপর যখন আমি তাকে ভালোবাসতে থাকি, আমি তার ওই কান হয়ে যাই, যার মাধ্যমে সে শ্রবণ করে ; আমি তার ওই চোখ হয়ে যাই, যার মাধ্যমে সে দেখে; আমি তার ওই হাত হয়ে যাই, যার মাধ্যমে সে স্পর্শ করে; আমি তার ওই পা হয়ে যাই, যার মাধ্যমে সে হাঁটা-চলা করে। তখন যদি সে আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে তা প্রদান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিই। (সহিহ বুখারি, হাদিস নং : ৬৫০২)

শিক্ষা ও বিধান
১. আল্লাহর অলিদের সঙ্গে শত্রুতা করা ভয়াবহ অপরাধ। যে ব্যক্তি আল্লাহর নেক বান্দা, দ্বীনদার ও মুত্তাকিদের কষ্ট দেয় বা শত্রুতা করে, আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন।

২. আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে আদায় করা। তাই ফরজ ইবাদতের প্রতি বেশি মনোযোগী হওয়া জরুরি।

৩. ফরজ আদায়ের পর বান্দা যখন নফল সালাত, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, জিকির, সদকা ইত্যাদিতে মনোযোগী হয়, তখন আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসতে শুরু করেন।

৪. আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে হিদায়াত, তাকওয়া ও সঠিক পথে চলার তাওফিক দেন। সে হারাম থেকে দূরে থাকে এবং কল্যাণের পথে পরিচালিত হয়।

৫.  আল্লাহর প্রিয় বান্দার দোয়া কবুল হয়। তাই যখন বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তার দোয়া অধিক কবুল হয়। সে কিছু চাইলে আল্লাহ দান করেন এবং বিপদে আশ্রয় চাইলে তাকে রক্ষা করেন।

৬. প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। দুনিয়ার সম্পদ, পদমর্যাদা বা খ্যাতি নয়; বরং আল্লাহর প্রিয় বান্দা হওয়াই সবচেয়ে বড় সফলতা।

জানাজায় বহু মানুষের সমাগম নিয়ে ইসলামী পর্যালোচনা

মুফতি ওমর বিন নাছির
জানাজায় বহু মানুষের সমাগম নিয়ে ইসলামী পর্যালোচনা
সংগৃহীত ছবি

মৃত্যু মানুষের জীবনের অবধারিত পরিণতি। পৃথিবীর সব পরিচয়, ক্ষমতা, সম্পদ ও প্রভাব একদিন মৃত্যুর কাছে থেমে যায়। কিন্তু একজন মানুষের জীবনের কর্ম, চরিত্র, ঈমান, ইলম ও মানুষের কল্যাণে তাঁর অবদান মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে। তাই ইতিহাসে আমরা দেখি, কোনো কোনো নেককার আলেম, দাঈ, মুজাহিদ বা সমাজসেবকের ইন্তেকালে লাখো মানুষের ঢল নেমেছে, আবার অনেক খ্যাতিমান ব্যক্তি নীরব পরিবেশে দাফন হয়েছেন। প্রশ্ন হলো—জানাজায় মানুষের সংখ্যা কি ইসলামে বিশেষ কোনো মর্যাদার প্রমাণ? অধিক লোকের উপস্থিতি কি মৃত ব্যক্তির কল্যাণের নিশ্চয়তা বহন করে? 

ইসলাম বাহ্যিক সংখ্যা বা লোকদেখানো সম্মানের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে অধিক গুরুত্ব দেয়। তবে একই সঙ্গে রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, নেককার ব্যক্তির জন্য মুমিনদের আন্তরিক দোয়া, সৎ সাক্ষ্য এবং জানাজার সালাতে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক সম্মানিত, যে সর্বাধিক তাকওয়াবান।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১৩)
এই আয়াত স্পষ্ট করে যে, ইসলামে মানুষের মর্যাদার মূল ভিত্তি হলো তাকওয়া। জানাজায় মানুষের সংখ্যা, সামাজিক অবস্থান বা বাহ্যিক জনপ্রিয়তা নয়; বরং আল্লাহভীতি ও নেক আমলই প্রকৃত মর্যাদার মানদণ্ড।

জানাজায় বহু মানুষের সমাগম মৃত ব্যক্তির জন্য কল্যাণের একটি কারণ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মুসলিম ব্যক্তির জানাজায় এমন চল্লিশজন মুসলিম অংশগ্রহণ করবে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, এবং তারা তার জন্য সুপারিশ (দোয়া) করবে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৯৪৮)

এই হাদিস থেকে বোঝা যায়, জানাজায় অধিকসংখ্যক ঈমানদার মানুষের উপস্থিতি মৃত ব্যক্তির জন্য রহমত ও মাগফিরাতের একটি কারণ হতে পারে। তবে এর মূল বিষয় হলো—তাঁদের আন্তরিক দোয়া ও ঈমান, শুধু সংখ্যা নয়।

রাসুলুল্লাহ (সা.) অন্য হাদিসে আরো বলেন, ‘যে মুসলিমের জানাজায় এক শত মুসলিম অংশগ্রহণ করে এবং সবাই তার জন্য দোয়া করে, তাদের দোয়া কবুল করা হয়।’ (সহিহ মুসলিম, হাদিস নম্বর : ৯৪৭)
এখানে সংখ্যার উদ্দেশ্য গৌরব প্রদর্শন নয়; বরং বেশি সংখ্যক মুমিনের আন্তরিক দোয়ার গুরুত্ব তুলে ধরা।

মুমিনদের সাক্ষ্য একটি সুসংবাদ
একবার একটি জানাজা অতিক্রম করলে সাহাবিগণ মৃত ব্যক্তির প্রশংসা করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘তার জন্য জান্নাত অবধারিত হয়েছে।’ পরে আরেক ব্যক্তির জানাজা গেলে সাহাবিরা তার নিন্দা করেন। তখন তিনি বলেন, ‘তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে।’ এরপর তিনি ব্যাখ্যা করেন, ‘তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী।’ (সহিহ বুখারি, হাদিস নং : ১৩৬৭)
এই হাদিসের অর্থ এই নয় যে, মানুষের মতামতই চূড়ান্ত ফয়সালা। বরং নেককার ব্যক্তির ব্যাপারে সৎ মুমিনদের স্বতঃস্ফূর্ত উত্তম সাক্ষ্য আল্লাহর পক্ষ থেকে একটি শুভ লক্ষণ হতে পারে।

আল্লাহ যাঁকে ভালোবাসেন, মানুষও তাঁকে ভালোবাসে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল (আ.)-কে বলেন, 'আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাস।' এরপর আকাশবাসীদের মধ্যে তাঁর ভালোবাসার ঘোষণা দেওয়া হয়। অতঃপর পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৩২০৯)

এ কারণেই অনেক নেককার আলেম ও বুযুর্গের মৃত্যুতে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে জানাজায় অংশগ্রহণ করেছেন। ইতিহাসে বহু মনীষীর জানাজায় অভূতপূর্ব মানুষের সমাগম ঘটেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইবনে তাইমিয়া (রহ.)। 

জানাজায় বহু মানুষের উপস্থিতি কামনা করার চেয়ে এমন জীবন গড়া অধিক গুরুত্বপূর্ণ, যাতে মানুষ মৃত্যুর পর আন্তরিকভাবে আমাদের জন্য দোয়া করে। একজন মুসলমানের লক্ষ্য হওয়া উচিত—
১. আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সঙ্গে আমল করা।
২. কোরআন ও সুন্নাহর অনুসরণ করে জীবন-যাপন করা।
৩. মানুষের উপকার করা এবং উত্তম চরিত্র গঠন করা।
৪. জীবদ্দশায় এমন আচরণ করা, যাতে মৃত্যুর পর মানুষ কল্যাণের সাক্ষ্য দেয় ও দোয়া করে।
৫. অন্যের জানাজায় অংশগ্রহণ করে তার জন্য আন্তরিকভাবে মাগফিরাতের দোয়া করা।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন দান করুন, যা মাধ্যমে মৃত্যুর পরও মুমিনদের আন্তরিক দোয়ার সৌভাগ্য অর্জন করা। আমিন।
 

মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল

মুফতি ওমর বিন নাছির
মানুষের যেকোনো অনিষ্ট থেকে বাঁচার পরীক্ষিত আমল
সংগৃহীত ছবি

মানুষের জীবনে বন্ধু যেমন আছে, তেমনি শত্রুও আছে। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে—কিছু মানুষ হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা কিংবা স্বার্থের কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে একজন মুমিনের প্রথম ও প্রধান আশ্রয় হলো মহান আল্লাহ। কারণ প্রকৃত রক্ষাকর্তা, সাহায্যকারী ও অভিভাবক একমাত্র তিনিই। তাইতো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ আমাদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা বিপদ-আপদ, শত্রুর অনিষ্ট, জুলুম ও ষড়যন্ত্র থেকে আল্লাহর আশ্রয় লাভে সহায়ক। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম, ওয়া নাঊজুবিকা মিন শুরুরিহিম।’

অর্থ : ‘হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ১৫৩৭)

আমলের নিয়ম : যেকোনো ভয় বা শত্রুর চক্রান্তের আশঙ্কায় এই দোয়াটি অন্তত তিনবার করে নিয়মিত পাঠ করলে শত্রুর যেকোনো অনিষ্ঠ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। ইনশাআল্লাহ। 

পরকীয়া প্রতিরোধে ইসলামের ৮ নির্দেশনা

মুফতি ওমর বিন নাছির
পরকীয়া প্রতিরোধে ইসলামের ৮ নির্দেশনা
সংগৃহীত ছবি

মানবজীবনের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ বন্ধন হলো পরিবার। একটি সুস্থ, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে একটি সুশৃঙ্খল পরিবার, আর সেই পরিবারের ভিত্তি হলো বৈধ বৈবাহিক সম্পর্ক। কিন্তু বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, অশ্লীল সংস্কৃতির বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের ফলে পরকীয়ার মতো জঘন্য অনৈতিক সম্পর্ক সমাজে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভেঙে যাচ্ছে অসংখ্য পরিবার, ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ এবং নষ্ট হচ্ছে সামাজিক শান্তি ও পারস্পরিক বিশ্বাস। 

পরকীয়া কী?
পরকীয়া বলতে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় স্বামী বা স্ত্রী কর্তৃক নিজের বৈধ জীবনসঙ্গী ছাড়া অন্য কারো সঙ্গে প্রেম, আবেগ, অন্তরঙ্গতা বা অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়াকে বোঝায়। ইসলামের দৃষ্টিতে এটি ব্যভিচারের অন্তর্ভুক্ত। এবং মারাত্মক অপরাধ।

১. ব্যভিচারের যাবতীয় উপকরণ থেকে বেঁচে থাকার নির্দেশ
ইসলাম শুধু ব্যভিচার নিষিদ্ধ করেনি; বরং তার দিকে নিয়ে যায় এমন সকল পথও নিষিদ্ধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।’ (সুরা : ইসরা, আয়াত : ৩২)
এই আয়াতে অবৈধ প্রেম, গোপন সম্পর্ক, অশালীন বার্তা আদান-প্রদান, অনৈতিক মেলামেশা কিংবা এমন যেকোনো আচরণ যা ব্যভিচারের দিকে নিয়ে যায়—সবই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

২. দৃষ্টি সংযত রাখার নির্দেশ
পরকীয়ার সূচনা প্রায়ই অনিয়ন্ত্রিত দৃষ্টি থেকে হয়। তাই ইসলাম নারী-পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে।’ (সুরা : নুর, আয়াত : ৩০)

এরপর আল্লাহ তাআলা নারীদের প্রতিও একই নির্দেশ প্রদান করেছেন। ‘আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করে।’ (সুরা : নুর, আয়াত : ৩১)
দৃষ্টি সংযম মানুষের অন্তরকে পবিত্র রাখে এবং অবৈধ আকর্ষণ থেকে রক্ষা করে।

৩. একাকী নির্জনে অবস্থান নিষিদ্ধ
ইসলাম পরপুরুষ ও পরনারীর নির্জনে একত্রে অবস্থান করতে নিষেধ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে। কারণ তখন তাদের তৃতীয়জন হয় শয়তান।’ (তিরমিজি, হাদিস নং : ২১৬৫)
এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, অনেক বড় অপরাধের সূচনা হয় ছোট ছোট অসতর্কতা থেকে।

৪. লজ্জাশীলতা ঈমানের অংশ
পরকীয়া প্রতিরোধে লজ্জাশীলতা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লজ্জাশীলতা ঈমানের একটি শাখা।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৯)
লজ্জাবোধ মানুষকে অশ্লীলতা ও অনৈতিকতা থেকে দূরে রাখে।

৫. বিবাহকে সহজ করার নির্দেশ
অবৈধ সম্পর্ক প্রতিরোধে ইসলাম বৈধ বিবাহকে উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ সম্পন্ন করে দাও।’ (সুরা : নুর, আয়াত : ৩২)
বিবাহ মানুষের চরিত্রকে সংযত রাখে এবং অবৈধ সম্পর্কের প্রবণতা কমিয়ে দেয়।

৬. স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার আদায়
পরিবারে ভালোবাসা, সম্মান, আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় থাকলে পরকীয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া।’ (সুরা : রূম, আয়াত : ২১)
এই আয়াত দাম্পত্যজীবনের প্রকৃত উদ্দেশ্য—প্রশান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।

৭. অশ্লীলতা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকা
বর্তমান যুগে অশ্লীল সিনেমা, অনৈতিক ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং অশালীন বিনোদন পরকীয়ার অন্যতম কারণ। তাই এসব থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা : নুর, আয়াত : ১৯)

৮. তাকওয়া ও আল্লাহভীতি অর্জন
যে ব্যক্তি সর্বদা মনে রাখে যে আল্লাহ তাকে দেখছেন, সে সহজে গুনাহে লিপ্ত হয় না। আল্লাহ বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন।’ (সুরা : তালাক, আয়াত : ২)
এভাবে তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং হারাম সম্পর্ক থেকে দূরে রাখে।

পরকীয়ার ভয়াবহ পরিণতি
পরকীয়া কেবল একটি ব্যক্তিগত পাপ নয়; এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ধ্বংসাত্মক। এর ফলে—
১. পারিবারিক বন্ধন ভেঙে যায়।
২. স্বামী-স্ত্রীর পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়।
৩. সন্তানের মানসিক বিকাশ ব্যাহত হয়।
৪. সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধি পায়।
৫. আল্লাহর অসন্তুষ্টি ও আখিরাতের কঠিন শাস্তির কারণ হয়।

অতএব, পরকীয়া প্রতিরোধে শুধু আইন নয়, বরং ঈমান, তাকওয়া, আত্মসংযম, পারিবারিক মূল্যবোধ এবং ইসলামী নৈতিকতার চর্চা অপরিহার্য। পরকীয়া একটি পরিবার, সমাজ ও সভ্যতার জন্য মারাত্মক হুমকি। ইসলাম মানবজাতির কল্যাণে এমন একটি জীবনব্যবস্থা প্রদান করেছে, যেখানে দৃষ্টি সংযম, লজ্জাশীলতা, বৈধ বিবাহ, পারস্পরিক দায়িত্ববোধ, আল্লাহভীতি এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে পরকীয়ার সব পথ রুদ্ধ করা হয়েছে। একজন প্রকৃত মুমিন কখনো সাময়িক আবেগ বা পার্থিব মোহের কাছে নিজের ঈমান, পরিবার ও সম্মানকে বিসর্জন দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবনযাপন এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।