রাজধানীর আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে এসে ভবনের ছাদ থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) বিকেলে লালবাগ থানার আজিমপুর এলাকার একটি সাততলা ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক হোসেন সকালে মেয়ের বাসায় বেড়াতে আসেন। দুপুরে তিনি ভবনের সাততলার ছাদে ওঠেন। কিছু সময় পর তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের স্বজন আরিফুল ইসলাম সিফাত জানান, তিনি রাজ্জাক হোসেনের বড় ভাইয়ের শ্বশুর। রাজ্জাক হোসেন সকালে মেয়ের বাসায় বেড়াতে আসেন এবং পরে ছাদে ওঠেন।
নিহতের মেয়ে রুম্পা ইসলাম বলেন, তার বাবা দুপুরে ছাদে গিয়েছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত পড়ে যেতে পারেন বলে তিনি ধারণা করছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাজ্জাক হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি আগে ব্যবসা করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।







