যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়—আব্রাহাম লিংকনের এই বিখ্যাত উক্তি আজও বিশ্ববাসীর জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।’
তিনি আরো উল্লেখ করেন, স্বাধীনতা তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্বাধীনতা কেবল একটি জাতির অর্জন নয়; এটি সমগ্র মানবজাতির সর্বজনীন অধিকার। গণতন্ত্র, আইনের শাসন এবং সমান সুযোগের আদর্শই একটি জাতিকে শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ করে।
মুশফিকুল ফজল আনসারী বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। এই ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ আরো সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বার্তার শেষে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ ফোর্থ অব জুলাই! স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা।’




