• ই-পেপার

গেজেটের তারিখ ঘোষণা

পে স্কেলের ভাতায় কাটছাঁট, ২ ধাপে বাস্তবায়ন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (৪ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়—আব্রাহাম লিংকনের এই বিখ্যাত উক্তি আজও বিশ্ববাসীর জন্য প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।’

তিনি আরো উল্লেখ করেন, স্বাধীনতা তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্বাধীনতা কেবল একটি জাতির অর্জন নয়; এটি সমগ্র মানবজাতির সর্বজনীন অধিকার। গণতন্ত্র, আইনের শাসন এবং সমান সুযোগের আদর্শই একটি জাতিকে শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ করে।

মুশফিকুল ফজল আনসারী বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। এই ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার চিরন্তন মূল্যবোধ আরো সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ ফোর্থ অব জুলাই! স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা।’

এয়ারলাইন্স ফুটবলে চ্যাম্পিয়ন বিমান

নিজস্ব প্রতিবেদক
এয়ারলাইন্স ফুটবলে চ্যাম্পিয়ন বিমান
সংগৃহীত ছবি

দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি)-এ ট্রাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই দিনের এই টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

শনিবার (৪ জুলাই) ফাইনালে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়। এতে ইউএস-বাংলাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিমান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় হয় এয়ার ইন্ডিয়া।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

এসময় মন্ত্রী বলেন, বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। তারা যেন কর্মক্ষেত্রেও একইভাবে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে। আজ এখানে এসে আমি আনন্দিত।

টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খেলোয়াড় জাহাঙ্গীরন আলম।

এর আগে শুক্রবার সকালে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ছয়জনের (সিক্স-এ-সাইড) এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাইদুবাই।

দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

৪৮ ঘণ্টায় ২ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা, ঝড় হতে পারে ১৭ জেলায়

নিজস্ব প্রতিবেদক
৪৮ ঘণ্টায় ২ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা, ঝড় হতে পারে ১৭ জেলায়
সংগৃহীত ছবি

আষাঢ়ের বৃষ্টির মধ্যেই কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সেই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৭ ডিগ্রির ঘরে। এই অবস্থায় শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের ২ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে শনিবার রাতের মধ্যেই দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে শনিবার রাতের মধ্যেই দেশের ১৭ জেলার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, শনিবার রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু

নিজস্ব প্রতিবেদক
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম প্রাণের দাবি পূরণে এই রুটটি ফের চালু করা হয়েছে।

আর সেই দাবিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর BG-208 সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং রুটটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে।

নতুন সরকার গঠনের চার মাসের মাথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক সমন্বয় বজায় রাখেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই বহু প্রতীক্ষিত এই ফ্লাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুট শুধু একটি বিমান যোগাযোগ নয়; এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। ফলে ফ্লাইটটি পুনরায় চালুর খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি, আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।