• ই-পেপার

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিম মারা গেছেন

বাঞ্ছারামপুরে মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় সুফলভোগী মৎস্যচাষিদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত মৎস্যচাষিদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাথমিকভাবে উপজেলার বাঞ্ছারামপুর সদর, পাহাড়িয়াকান্দি, মানিকপুর, তেজখালী ও আইয়ুবপুর ইউনিয়নের পাঁচজন মৎস্যচাষীর কাছে প্রকল্পের উপকরণ হস্তান্তর করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আক্কাস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহ জালাল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্বাচিত চাষিদের মাঝে উন্নত মানের মাছের খাদ্য, মাছের পোনা, খৈল, চুন ও সার বিতরণ করা হয়। পাশাপাশি পুকুরপাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে দেওয়া হয়।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষিরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

নরসিংদীতে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা সিয়াম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা সিয়াম
স্থানীয়রা ছাত্রলীগ নেতা সিয়াম মিয়াকে আটক করে পুলিশে খবর দেন।

নরসিংদীর রায়পুরায় সিয়াম মিয়া নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সিয়াম মিয়া (২১) আমিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদের ছেলে এবং ২০২৩ সালে গঠিত আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার করিমগঞ্জ এলাকায় মোটরসাইকেলে ৩ জন মিলে অবস্থানকালে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ধাওয়া দেয়। এ সময় সিয়ামের সঙ্গে থাকা অপর ২ জন পালিয়ে গেলেও সিয়াম ধরা পড়েন। এসময় জনতার হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ইয়াবা সড়কের পাশের ঝোপে ফেলে দেন সিয়াম। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবাসহ আটকের পর স্থানীয় কিছু লোক সিয়ামকে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় সিয়াম নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযুক্ত সিয়ামকে দুই পিস ইয়াবাসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দীঘিনালায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
ছবি: কালের কণ্ঠ

খাগড়াছড়ির দীঘিনালায় তের বছরের এক শিশুকে ঘর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. লিটন (৪৫) মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদের ছেলে। 

বৃহষ্পতিবার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং ঈদগাহ মাঠের পাশে এ ঘটনাটি ঘটে । ঘটনার পর থেকে ভুক্তভোগী শিশু খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিবার (৫ জুলাই) দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা  করেছেন।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগী তার চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ায় পথে অভিযুক্ত লিটন তাকে একা পেয়ে ঘর্ষণ করে। 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী মামলা এবং অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাড়ের হাট পাকারমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও একই উপজেলার সুঠিপাড়া গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে মো. মোমিনুল ইসলাম বাচ্চু (৫০)। তারা পল্লী বিদ্যুৎ সমিতির একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালের দিকে পাকারমাথা সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের মেরামতের কাজ চলছিল। বেলা ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কিশোরগঞ্জ জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুজ্জামান বলেন, ওই এলাকায় নতুন ৩৩ কেভি লাইনের পোল স্থাপনের কাজ করছিল সুমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনি প্রক্রিয়া চলমান আছে।