• ই-পেপার

মন বসে না পড়ার টেবিলে

  • টেবিলে বই নিয়ে বসে থাকলেও পড়ায় মন বসে না। এমন সমস্যা অনেক শিক্ষার্থীর। ঘণ্টার পর ঘণ্টা পড়েও মনে রাখতে পারে না, এমন শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। আসলে মন দিয়ে বুঝে পড়া—এটা সদিচ্ছা, অভ্যাস ও কৌশলের সমন্বয়। বিস্তারিত জানাচ্ছেন হাবিব তারেক

বিইউএফটিতে ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভাল

বিইউএফটিতে ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভাল

বিইউএফটি অ্যাপারেল ক্লাবের আয়োজনে ১৮ ও ১৯ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘বিইউএফটি ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভাল ২০২৬’। দুই দিনব্যাপী এই আয়োজনে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষার্থী ক্লাবের দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কারিগরি শাখার পরিচালক মো. মোসলেম উদ্দিন, পাট টেক্সটাইল বিভাগের পরিচালক ড. ফেরদৌস আরা দিলরুবা এবং পাট টেক্সটাইল শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইঞ্জি. নাজমিনা চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী, শিক্ষার্থী কল্যাণ অফিসের পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম, এএমটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মোনিরুল ইসলাম রাজিব এবং বিইউএফটি অ্যাপারেল ক্লাবের উপদেষ্টা শাদমান কামার মাহির। উদ্বোধনী দিন অ্যাপারেল অলিম্পিয়াড এবং ৩০০ সেকেন্ডস ইনোভেশন প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, শিক্ষার্থীদের প্রদর্শনী, সেমিনার ও মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পাস সংবাদ

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত সিভাসু ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত সিভাসু ক্যাম্পাস

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)  ক্যাম্পাস। সোমবার সকালে সিভাসু অডিটরিয়ামে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবনের নিয়ম-কানুন, একাডেমিক, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সপ্তাহব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য এবং ওই অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুত্ফুর রহমান। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন এবং সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুত্ফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু একটি সনদ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছ—এমন চিন্তা যেন তোমাদের মাথায় না থাকে। জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। সৎ, মানবিক ও পরিপূর্ণ মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে।’ অনুষদভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের পাশাপাশি গত দুই দিন বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীর রিসার্চ অ্যান্ড ফার্ম-বেইসড ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের জন্য ল্যাব রোটেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের ডেইরি, পোলট্রি ও ফিশ ফার্ম, ফুড সেফটি ইনস্টিটিউট এবং অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

 

 

বুলিংডন ক্লাব

এই ক্লাবের সদস্যদের অক্সফোর্ডের সবচেয়ে প্রভাবশালী এলিটদের কাতারভুক্ত মনে করা হয়। তবে চাইলেই যে কেউ এখানে ঢুকতে পারে না। এর জন্য কঠোর ‘ব্ল্যাকবলিং’ বা গোপন ভোটাভুটির প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। এ ছাড়া প্রয়োজন হয় খাঁটি ‘নীল রক্ত’ বা রাজকীয় পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও অগাধ বিত্ত

আল সানি
বুলিংডন ক্লাব

অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতেই চোখের সামনে ভেসে ওঠে লাইব্রেরির শান্ত পরিবেশ, পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবীদের আনাগোনা আর জ্ঞানচর্চার এক পবিত্র তীর্থস্থান। কিন্তু এই চেনা ছবির উল্টো পিঠেই লুকিয়ে আছে এক অন্ধকার, ঔদ্ধত্য আর চরম আভিজাত্যের গল্প, যেখানে মেধার চেয়ে বংশমর্যাদা আর কাঁড়ি কাঁড়ি টাকার মূল্য অনেক বেশি। অক্সফোর্ডের সেই বিতর্কিত অধ্যায়ের নামই ‘বুলিংডন ক্লাব’। ১৭৮০ সালের দিকে স্রেফ ক্রিকেট আর শিকারের নেশায় ইটন ও হ্যারোর মতো ব্রিটেনের অভিজাত স্কুলের একদল তরুণ মিলে গড়ে তুলেছিলেন এই ক্লাব; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর চরিত্র বদলে এটি রূপ নেয় একচেটিয়া ক্ষমতাশালী এবং চরম বিতর্কিত এক ‘ব্যাড বয়েজ’ সিন্ডিকেটে। এই ক্লাবের সদস্যদের অক্সফোর্ডের সবচেয়ে প্রভাবশালী এলিটদের কাতারভুক্ত মনে করা হয়। তবে চাইলেই যে কেউ এখানে ঢুকতে পারে না। এর জন্য কঠোর ‘ব্ল্যাকবলিং’ বা গোপন ভোটাভুটির প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়। এ ছাড়া প্রয়োজন হয় খাঁটি ‘নীল রক্ত’ বা রাজকীয় পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও অগাধ বিত্ত। বুলিংডন ক্লাবের সদস্যদের চেনার মূল উপায় হলো তাদের আকাশছোঁয়া দামি পোশাক। তাঁদের বিশেষ জ্যাকেটের ল্যাপেল তৈরি হয় খাঁটি আইভরি সিল্ক দিয়ে, কোটের বোতামগুলো পিতলের এবং সঙ্গে থাকে সরিষা রঙের বিশেষ ভেস্ট। দর্জির নিখুঁত মাপে তৈরি এক সেট পোশাকের পেছনেই খরচ হয়ে যায় হাজার হাজার পাউন্ড, যা একজন সাধারণ মানুষের কয়েক মাসের উপার্জনের সমান। তবে এই ঝকঝকে অভিজাত পোশাকের আড়ালে লুকিয়ে থাকে এক আদিম ও ধ্বংসাত্মক মানসিকতা। ক্লাবের মূল ঐতিহ্যই হলো—বছরে কয়েকবার কোনো বিলাসবহুল রেস্তোরাঁ বা প্রাচীন পাব ভাড়া করে গোপন নৈশভোজের আয়োজন করা এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে মদ্যপ অবস্থায় শুরু হয় উন্মত্ত ভাঙচুর। আসবাব ভাঙা, দামি ক্রিস্টাল গ্লাস গুঁড়িয়ে দেওয়া, এমনকি দেয়াল ফুটো করে ফেলাটাও যেন তাদের কাছে এক চরম বীরত্ব। সবচেয়ে চাতুর্যের বিষয় হলো, ভাঙচুর শেষে তারা বিন্দুমাত্র লজ্জিত হয় না, বরং পকেট থেকে চেকবই বের করে রেস্তোরাঁর মালিককে ক্ষয়ক্ষতির কয়েক গুণ বেশি টাকা দিয়ে বীরদর্পে বেরিয়ে যায়। টাকা দিয়ে আইন আর সভ্যতাকে কিনে নেওয়ার এই অহংকারই বুলিংডন ক্লাবের আসল চেহারা। বুলিংডন ক্লাবকে শুধু একদল বখে যাওয়া ধনীর দুলালের আড্ডাখানা ভাবলে মস্ত বড় ভুল হবে। এই ক্লাব আসলে ব্রিটিশ রাজনীতির শীর্ষ ক্ষমতার এক অলিখিত নার্সারি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বরিস জনসন এবং সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন—সবাই তাঁদের অক্সফোর্ড জীবনে এই ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৮৭ সালের একটি বিখ্যাত সাদা-কালো গ্রুপ ছবি আজও ইন্টারনেটে ঘুরপাক খায়, যেখানে তরুণ ক্যামেরন ও জনসনকে সেই চিরচেনা বুলিংডন পোশাকে ঔদ্ধত্যের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র চালানো এই ব্যক্তিরা যে একসময় টাকার গরমে রেস্তোরাঁ ভাঙচুর করতেন বা এক গরিব গৃহহীন মানুষের সামনে টাকার নোটে আগুন ধরিয়ে দেওয়ার মতো অমানবিক রসিকতা করতেন, তা ভাবলে আজও ব্রিটিশ আমজনতার চোখ কপালে ওঠে। এই ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন সময় বর্ণবাদসহ বিভিন্ন অভিযোগও উঠেছে। সংবাদমাধ্যমে এসব ঘটনা প্রকাশের পর বড় বিতর্কের জন্ম দিয়েছে। একবিংশ শতাব্দীতে এসে অবশ্য বুলিংডন ক্লাবের সেই রমরমা দিনগুলোতে কিছুটা ভাটা পড়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে গোপন ক্যামেরা আর পাপারািসদের ভয়ে এখন আর আগের মতো প্রকাশ্যে তাণ্ডব চালানো সহজ নয়। তা ছাড়া আধুনিক অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ক্লাবের পুরুষতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের কারণে একে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে এবং এর কার্যক্রমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবু অক্সফোর্ডের প্রাচীন পাথুরে দেয়ালগুলোর পেছনে, জনচক্ষুর আড়ালে আজও হয়তো বসে বুলিংডন ক্লাবের গোপন আসর।

 

 

বিজ্ঞান রহস্য

মহাকাশে মানুষ কেন ভাসে

মহাকাশে মানুষ কেন ভাসে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে আমরা দেখতে পাই, মহাকাশে নভোচারীরা ভেসে বেড়াচ্ছেন। তাঁরা সহজেই বাতাসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছেন। এসব দেখে মনে প্রশ্ন জাগতে পারে, মহাকাশে কি সত্যিই কোনো মাধ্যাকর্ষণ নেই?

 

মহাকাশে মাধ্যাকর্ষণ

মহাকাশে কি মাধ্যাকর্ষণ বল নেই? উত্তর—আছে। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কার্যকর থাকে। সেখানে মাধ্যাকর্ষণের শক্তি পৃথিবীর পৃষ্ঠের তুলনায় প্রায় ৯০ শতাংশেরও বেশি। অনেকেই মনে করে, সেখানে কোনো মাধ্যাকর্ষণ নেই, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর মাধ্যাকর্ষণ তখনো কাজ করে। নভোচারীরা ভাসেন কারণ তাঁরা এবং তাঁদের মহাকাশযান একই সঙ্গে পৃথিবীর দিকে অবিরাম মুক্তপতনে থাকে।

 

তাহলে নভোচারীরা ভাসেন কেন

নভোচারীরা মূলত মাইক্রোগ্র্যাভিটি বা আপাত ওজনহীন অবস্থায় থাকেন। এর কারণ মহাকাশ স্টেশনটি খুব দ্রুতগতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৭.৭ কিলোমিটার। এই গতির কারণে মহাকাশ স্টেশন সব সময় পৃথিবীর দিকে পড়তে থাকে। কিন্তু একই সঙ্গে সামনে এগোতেও থাকে। ফলে এটি পৃথিবীর গায়ে পড়ে না, বরং পৃথিবীকে ঘিরে কক্ষপথে ঘুরতে থাকে। এই অবস্থাকে বলা হয় অবিরাম মুক্তপতন বা কন্টিনিউয়াস ফ্রি ফল। এর কারণেই নভোচারীরা মহাকাশে ভেসে বেড়ান। যেহেতু মহাকাশ স্টেশন এবং এর ভেতরের নভোচারীরা একই হারে নিচের দিকে পড়েন, তাই তাঁরা নিজেদের ওজন অনুভব করেন না। এ কারণেই নভোচারীরা মহাকাশে ভাসেন। আরেকটি বিষয় হলো, পৃথিবীতে থাকা অবস্থায় বিশেষ ধরনের প্যারাবলিক ফ্লাইট পরিচালনা করেন বিজ্ঞানীরা এবং মহাকাশ গবেষণা সংস্থাগুলো কয়েক সেকেন্ডের জন্য মাইক্রোগ্র্যাভিটির অভিজ্ঞতা তৈরি করেন। এ ধরনের বিমানে থাকা সবাই সাময়িকভাবে ওজনহীনতার অনুভূতি পান।

 

মাইক্রোগ্র্যাভিটি কী

মাইক্রোগ্র্যাভিটি বলতে এমন পরিবেশকে বোঝায়, যেখানে কার্যকরভাবে ওজন প্রায় শূন্যের মতো অনুভূত হয়। এখানে মাধ্যাকর্ষণ পুরোপুরি অনুপস্থিত নয়, বরং সবাই একই সঙ্গে মুক্তপতনে থাকায় কোনো বস্তুর ওপর আলাদা চাপ তৈরি হয় না।

 

চাঁদে কি ভাসা যায়

না, চাঁদে ভাসা যায় না। চাঁদে মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় এক-ষষ্ঠাংশ হলেও তা যথেষ্ট শক্তিশালী। তাই নভোচারীরা সেখানে হাঁটতে পারেন। যদিও তাঁদের ওজন অনেক কম অনুভূত হয় এবং তাঁরা পৃথিবীর তুলনায় অনেক বেশি উঁচুতে লাফ দিতে পারেন।

♦ সিলেবাসে নেই ডেস্ক

 

 

 

মন বসে না পড়ার টেবিলে | কালের কণ্ঠ