২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মিরপুর উপশহর (বিকেল) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইটস্ ইন্টারন্যাশনাল। বুধবার (২২ জুলাই) রাইটস্ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কানিজ ফাতেমার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, মেডেল, বই এবং নগদ টাকা দেওয়া হয়।

মিরপুর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামিলা আক্তার এবং সহকারী থানা শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বাসরী, সহকারী শিক্ষক ও অভিভাবকরা।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মিরপুর উপশহর (বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে লাবীব ইসলাম। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে- উপাসনা দীপ চৌধুরী পঙতি, তাসলিমা আক্তার দিপ্তী, সাবিহা আবেদীন এবং মো. আব্দুল্লাহ।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জামিলা আক্তার বলেন, এই উদ্যোগ শুধু তাদের উৎসাহিতই করবে না বরং নিয়মিত অধ্যয়ন ও ভালো ফলাফলের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি আগামীর সুনাগরিক হিসেবে দেশ ও দশের সেবায় উৎসাহিত হবে।
যুক্তরাজ্য ভার্চুয়ালি যুক্ত হয়ে রাইটস্ ইন্টারন্যাশনালের চেয়ারপারসন কানিজ ফাতেমা বলেন, ‘শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য শুধু তাদের নয়, এটি তার পরিবার, শিক্ষক এবং বিদ্যালয়েরও গর্বের। সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো সাফল্য বয়ে আনবে।’

শাহানাজ পারভীন সাফল্য অর্জনকারী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ‘আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ, সৎ ও মানবিক নাগরিক হয়ে উঠবে।’
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ১২ জুলাই। সারা দেশ থেকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বাকি ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ শিক্ষার্থী অংশ নেয়। এর যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন। বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৪৫৫ জন।





