২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আইন প্রণেতা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ সব দোষীর বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলে এই দাবি জানানো হয়। গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের সাক্ষাতের সময় তিনি আশ্বস্ত করেছেন যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।’ আবু সাঈদ হত্যাসহ বেশ কয়েকটি মামলার রায় এরই মধ্যে দেওয়া হয়েছে উল্লেখ করে রকিব বলেন, সংগঠনটি এই চলমান বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা রাখতে চায়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে তাঁদের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছিল। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল সেই কর্মসূচিরই ধারাবাহিকতা।