পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে প্রধান করে দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সাত সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন—শিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, অর্থসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্পসচিব। কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যেকোনো সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

