• ই-পেপার

হামে শিশুমৃত্যু

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন-নীতিমালা পর্যালোচনায় কমিটি

নিজস্ব প্রতিবেদক
জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন-নীতিমালা পর্যালোচনায় কমিটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে প্রধান করে দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সাত সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেনশিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, অর্থসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্পসচিব। কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যেকোনো সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

 

চট্টগ্রাম বিভাগ ছাড়া সব এলাকায় এইচএসসি পরীক্ষা চলবে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগ ছাড়া সব এলাকায় এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্য সব জেলায় এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পর পর দুই দিন পরীক্ষা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

 

‘জরুরি ভিত্তিতে দুর্গত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছান’

নিজস্ব প্রতিবেদক
‘জরুরি ভিত্তিতে দুর্গত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছান’

দেশের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে দুর্গত এলাকায় খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। গতকাল রবিবার রাজধানীতে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় সাইফুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, চুন্নু সিকদার, জামাল সিকদার, সালাউদ্দিন, আরিফুল ইসলাম, নান্টু দাস প্রমুখ।

 

 

বিএসবির বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক
বিএসবির বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) আবেদনের পর ঢাকার একটি আদালত এ আদেশ দেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

সেখানে বলা হয়েছে, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহার ও তাঁর সহযোগীরা পারস্পরিক যোগসাজশে সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে প্রেরণের চটকদার বিজ্ঞাপন দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানকালে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

২০২৫ সালের ১৪ জুলাই খায়রুল বাশারকে মানি লন্ডারিং মামলায় ধানমণ্ডি এলাকা থেকে সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিট গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, মামলাটির প্রাথমিক তদন্তকালে জনা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ দিয়ে প্রথম স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার নামে শেলটেক বীথিকা প্রকল্পে একটি ফ্ল্যাট ও নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং রাজধানীর আজিজ সড়কে জি+সাততলা ও জি+ছয়তলা বিশিষ্ট দুটি বাড়িসহ তাঁর নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩৪৮২.৫ শতাংশ জমি ক্রয় করেন। যার দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত আসামির নামে থাকা এই স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করেছেন।