• ই-পেপার

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ভিকারুননিসার আলিফ আবিনা পরাগ

বন্যা পরিস্থিতির অবনতিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
বন্যা পরিস্থিতির অবনতিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত
ফাইল ছবি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার (১২ জুলাই) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিষয়ক কোর কমিটির সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। তবে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস আগামী ১৫ জুলাই তারিখেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষায় এআই দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : ইউজিসি সদস্য ড. মামুন

নিজস্ব প্রতিবেদক
উচ্চশিক্ষায় এআই দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : ইউজিসি সদস্য ড. মামুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে গবেষণা, উদ্ভাবনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটির উদ্যোগে ২ দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. মামুন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফল নয়, সমস্যা সমাধানের সক্ষমতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং প্রতিযোগিতা, উদ্ভাবনী প্রতিযোগিতা ও হ্যাকাথনের মতো আয়োজন শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করে।

ইউজিসি সদস্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার উন্নয়নের মতো উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উদ্ভাবন অনুদান, স্টার্টআপ তহবিল, কর্মসংস্থান বিনিময় কেন্দ্র এবং এডু আইডি চালুর মতো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা আরও কর্মমুখী, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসতাবুর রহমান, বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী।

২ দিনব্যাপী এ কার্নিভালে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন এবং প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়া

ঢাবির সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবির সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত
সংগৃহীত ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোমবারের (১৩ জুলাই) সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১৩ জুলাই ২০২৬, সোমবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা স্থগিত করা হলেও অধিভুক্ত ও উপাদানকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষাগুলো এর আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটসমূহের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আগের সূচি মেনেই যথারীতি অনুষ্ঠিত হবে।

সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাউশির নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাউশির নতুন নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে হাজিরে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই মধ্যে এ বিষয়ে নোটিশও জারি করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) মাউশির উপপরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হলো।

কর্মঘণ্টা অনুযায়ী সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। এ ক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি থাকা বাধ্যতামূলক। নতুন নোটিশে এ নিয়ম মেনে যথাসময়ে হাজিরের বিষয়ে আবারও নির্দেশনা দেয় মাউশি।