নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে ছিনতাইকারীদের হামলায় নিহত পরিচ্ছন্নতা কর্মী ও বাকপ্রতিবন্ধী ববি বেগমের কবর জিয়ারত করেছেন ২৫ বছর পর তাকে খুঁজে পাওয়া তার ভাই-বোন, ভাগ্নে-ভাগ্নিসহ পরিবারের ১৪ সদস্য।
রবিবার (১২ জুলাই) দুপুরে বগুড়া থেকে একটি মাইক্রোবাসে করে তারা রায়পুরায় এসে উপজেলার নুরপুর কবরস্থানে ববি বেগমের কবর জিয়ারত করেন। এসময় তারা তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং কান্নায় ভেঙে পড়েন।
উপস্থিত ছিলেন ববি বেগমের বাকপ্রতিবন্ধী দুই বোন ফাতেমা বেগম ও রবি বেগম, বাকপ্রতিবন্ধী ভাই আনছর আলী প্রামাণিক, ভাগ্নি গোলাপি বেগম, ভাগ্নির স্বামী সৈকত ইসলামসহ পরিবারের ১৪ সদস্য।
জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার ঘশাখাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিন প্রামাণিকের বড় মেয়ে ছিলেন ওয়াহিদা বেগম ওরফে ববি বেগম (৭০)। চার ছেলে ও চার মেয়ের মধ্যে বড় ছেলে ছাড়া প্রায় সবাই বাকপ্রতিবন্ধী ছিলেন। বর্তমানে দুই ভাই ও তিন বোন জীবিত আছেন। ববি বেগম ও দুই ভাই ইতিমধ্যে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর ববি বেগমের একটি কন্যাসন্তান জন্ম নেয়। তবে জন্মের কিছুদিন পরই শিশুটি মারা যায়। এর কিছুদিনের মধ্যে স্বামীরও মৃত্যু হয়। স্বামী ও সন্তানের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে ছোট বোন ফাতেমা বেগমের সঙ্গে বসবাস করতেন। একদিন বোনের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে ট্রেনে অজানা গন্তব্যে চলে যান। সেই যাত্রায় এসে পৌঁছান রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে। বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় জানাতে না পারায় স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার তার নাম রাখেন ববি বেগম। এরপর থেকেই স্টেশনের একটি কক্ষে বসবাস শুরু করেন তিনি। স্টেশনের শৌচাগার, বিশ্রামাগার ও প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে যাত্রীদের দেওয়া অর্থেই চলত তার জীবন। দীর্ঘ ২৫ বছরে তিলে তিলে সঞ্চয় করেছিলেন প্রায় ২০ হাজার টাকা।
গত ৪ জুলাই ওই সঞ্চিত টাকা লুট করতে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নৃশংস হামলা চালায়। হামলায় তার চোখ, মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে ৭ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মেথিকান্দা রেলস্টেশনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরের নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানা একটি মামলা হয়। পরে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ববি বেগমের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে তার ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।
নিহত ববি বেগমের ভাগ্নি গোলাপি বেগম বলেন, আমার ভগ্নিপতি সৈকত ইসলামের মাধ্যমে ফেসবুকে খালার ছবি দেখি। পরে আমাদের কাছে থাকা পুরোনো একটি ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত হই যে তিনিই আমাদের নিখোঁজ খালা।
তিনি আরো বলেন, খালা নিখোঁজ হওয়ার পর বড় মামা বিভিন্ন জেলা-উপজেলায় অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু তাকে আর খুঁজে পাননি। নিখোঁজ হওয়ার তিন বছর পর মামাও মারা যান। পরিবারের বাকি সদস্যদের অধিকাংশই বাকপ্রতিবন্ধী হওয়ায় আর খোঁজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
এদিকে কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যরা মেথিকান্দা রেলস্টেশনে যান। সেখানে ২৫ বছর ধরে ববি বেগমের বসবাস করা কক্ষ, তার ব্যবহৃত আসবাবপত্র, রান্নার চুলা, শোয়ার স্থান এবং স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। এসময় বোন ফাতেমা বেগম, রবি বেগম ও ভাই আনছর আলী প্রামাণিক আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে সন্ধ্যায় তারা বগুড়ার উদ্দেশে রওনা দেন।




