• ই-পেপার

আবহাওয়া পূ র্বা ভা স

বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শক রাশেদের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শক রাশেদের কারাদণ্ড

পাইলট লাইসেন্স নবায়ন ও পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক (বেবিচক) জুনিয়র লাইসেন্স পরিদর্শক এইচ এম রাশেদ সরকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

 

বরাদ্দ পুনর্বিবেচনার দাবি সংগীত সংগঠন সমন্বয় পরিষদের

নিজস্ব প্রতিবেদক
বরাদ্দ পুনর্বিবেচনার দাবি সংগীত সংগঠন সমন্বয় পরিষদের

চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য দেওয়া সরকারি অনুদানের তালিকা থেকে বাদ পড়ায় বরাদ্দ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা পত্র অনুযায়ী দেশের বিভিন্ন সংগীত সংগঠনের অনুকূলে আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হলেও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদসহ অনেক সংগঠন এই তালিকা থেকে বাদ পড়েছে।

তাঁরা বলেন, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ একটি জাতীয় সংগঠন। ২০০৭ সাল থেকে সংগঠনটি দেশে প্রথমবারের মতো বিশ্ব সংগীত দিবস উদ্যাপন শুরু করে, যা এখনো নিয়মিতভাবে পালন করা হচ্ছে।

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন নতুন রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের গতকাল প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪৩ জন। এ সময় মারা গেছেন ছয়জন। এর আগে জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৯০৭ জন এবং মারা যান ১৩ জন।

 

 

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের হিমেল নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের  হিমেল নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মাহফুজুল হক হিমেল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ডোর ড্যাস নামে অ্যাপভিত্তিক একটি খাবার কম্পানিতে চাকরি করতেন। অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে গিয়ে তিনি হামলার শিকার হন।

হিমেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাস্টার এবং মনোয়ারা বেগমের ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা গত বুধবার বিকেলে হিমেলের গুলিবিদ্ধ হওয়া ও রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন। গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই। হিমেল রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। হিমেল এক ছেলের জনক। তাঁর স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরিকায় চাকরি করেন।