দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন নতুন রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের গতকাল প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪৩ জন। এ সময় মারা গেছেন ছয়জন। এর আগে জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৯০৭ জন এবং মারা যান ১৩ জন।

