• ই-পেপার

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

বরাদ্দ পুনর্বিবেচনার দাবি সংগীত সংগঠন সমন্বয় পরিষদের

নিজস্ব প্রতিবেদক
বরাদ্দ পুনর্বিবেচনার দাবি সংগীত সংগঠন সমন্বয় পরিষদের

চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য দেওয়া সরকারি অনুদানের তালিকা থেকে বাদ পড়ায় বরাদ্দ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা পত্র অনুযায়ী দেশের বিভিন্ন সংগীত সংগঠনের অনুকূলে আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হলেও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদসহ অনেক সংগঠন এই তালিকা থেকে বাদ পড়েছে।

তাঁরা বলেন, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ একটি জাতীয় সংগঠন। ২০০৭ সাল থেকে সংগঠনটি দেশে প্রথমবারের মতো বিশ্ব সংগীত দিবস উদ্যাপন শুরু করে, যা এখনো নিয়মিতভাবে পালন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের হিমেল নিহত

নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের হিমেল নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মাহফুজুল হক হিমেল (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে ডোর ড্যাস নামে অ্যাপভিত্তিক একটি খাবার কম্পানিতে চাকরি করতেন। অনলাইনে অর্ডার দেওয়া খাবার ডেলিভারি করতে গিয়ে তিনি হামলার শিকার হন।

হিমেল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাস্টার এবং মনোয়ারা বেগমের ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা গত বুধবার বিকেলে হিমেলের গুলিবিদ্ধ হওয়া ও রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন। গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই। হিমেল রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। হিমেল এক ছেলের জনক। তাঁর স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরিকায় চাকরি করেন।

আবারও বদল সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক
আবারও বদল সিলেটের ডিসি

আগের সিদ্ধান্ত পরিবর্তন করে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে তিনি সিলেটে যোগ দিতে পারেননি। কুমিল্লার দায়িত্ব ছাড়ার পর গত ১ জুলাই সিলেটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে ফিরে আসতে হয়। পরে কুমিল্লায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে রোজী আকতার দায়িত্ব নেন। এর আগে ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর রেজা হাসানকে সেখানে
পদায়ন করা হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টার-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টার চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘ যে বন্ধন রয়েছে এ ধরনের কাজের মাধ্যমে তা আরো দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের প্রথম ভাষা হিসেবে জাপানি ভাষাকে বেছে নেওয়ায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি