এবারের বাজেটে সংস্কৃতি খাতে নামমাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে। গত অর্থবছরের তুলনায় এই হার .০১ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭৭৮ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ ‘জাতীয় বাজেট বক্তৃতা ২০২৪-২৫’-এ এই বরাদ্দ প্রস্তাব করেন। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। সেই হিসাবে সংস্কৃতি খাতে বরাদ্দের হার ০.০১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সে বছর এই খাতে বরাদ্দ ছিল ৬৯৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের .০৯ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে .০১ শতাংশ।