আয়াতের অর্থ
‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়। যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিগুলো মার্জনা করেন, তোমার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।’ (সুরা : ফাতহ, আয়াত : ১-৩)
পবিত্র কোরআনের ৪৮তম সুরা ফাতহ। মদিনায় অবতীর্ণ এই সুরায় চারটি রুকু ও ২৯টি আয়াত রয়েছে। সুরায় আল্লাহ মুসলমানদের মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন।
শিক্ষা ও বিধান
১. সুরা ফাতহ সম্পর্কে মহানবী (সা.) বলেন, গত রাতে আমার ওপর এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে, যা আমার কাছে দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে উত্তম।
২. প্রসিদ্ধ মত হলো, আয়াতে বিজয় দ্বারা মক্কা বিজয় উদ্দেশ্য। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমরা (সাহাবিরা) বিজয় বলতে হুদাইবিয়ার সন্ধি বুঝে থাকি।
৩. বারা ইবনে আজিব (রা.) বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে এক হাজার ৪০০ সাহাবি ছিলেন। তাঁরা বায়াতে রিদওয়ানে অংশ নেন।
৪. বাহ্যত হুদাইবিয়ার সন্ধি পরাজয় বা নতিস্বীকার ছিল। কিন্তু রাসুলুল্লাহ (সা.) কসম খেয়ে বলেছেন এটা বিজয়। বিজয় বলার কারণ হলো এই চুক্তি মুসলমানদের নির্বিঘ্নে দ্বিন প্রচারের সুযোগ এনে দিয়েছিল।
৫. আয়াতে আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে পাপমুক্ত হওয়ার এবং মুমিনদের জান্নাতের জন্য ঘোষণা করেছেন।
(তাফসিরে ইবনে কাসির : ১০/২৯৯)


