• ই-পেপার

শাহজালালে বিমানে ৫ ঘণ্টা আটকা ১৮২ যাত্রীর ভোগান্তি

হামে আরো ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ৯৬৯

নিজস্ব প্রতিবেদক
হামে আরো ৫ শিশুর মৃত্যু আক্রান্ত ৯৬৯

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে একজনের হাম ও চারজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ সময় ৮৭৯ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আর নতুন করে হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাম শনাক্ত হয়ে ঢাকায় একটি শিশু মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একটি করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এক লাখ ১১ হাজার ৪৮০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ শিশু।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন, এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন, এগিয়ে মেয়েরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

গতকাল রবিবার দুপুর পৌনে ১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনের প্রায় দুই ঘণ্টা পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে ফল দেখতে পাওয়া যায়।

ফল বিশ্লেষণে দেখা যায়, সব দিক থেকেই ছাত্রীরা এগিয়ে। এবার বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, যা বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর ৪৫.২৯ শতাংশ। আর ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন, যা ৫৪.৭১ শতাংশ। বৃত্তি পাওয়ার হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা প্রায় ১০ শতাংশ এগিয়ে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকার শিক্ষার্থীরা। জেলায় সর্বোচ্চ চার হাজার ৬৮২ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এক হাজার ৮৯৭ জন এবং সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে দুই হাজার ৭৮৫ জন।

সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবানে। এ জেলা থেকে এবার মাত্র ১৮৮ জন বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ১০৯ জন ট্যালেন্টপুলে এবং ৭৯ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।

বর্তমান বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা পাবে।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি বিদ্যালয়ের তিন লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

গত বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে ওয়েব পোর্টালে তা আপলোড না করার নির্দেশনা থাকলেও সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। সেখান থেকে সাধারণ ব্যবহারকারীরা ফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় অভিযুক্ত এক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

চিফ প্রসিকিউটর

আত্মসমর্পণের সুযোগ নেই, হাসিনাকে গ্রেপ্তার হয়ে যেতে হবে জেলে

নিজস্ব প্রতিবেদক
আত্মসমর্পণের সুযোগ নেই, হাসিনাকে গ্রেপ্তার হয়ে যেতে হবে জেলে
মো. আমিনুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তিনি সরাসরি আত্মসমর্পণের সুযোগ পাবেন না। তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে বা ফেরত আনা হলে তাঁকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।

গতকাল রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। দুই বছর ধরে তিনি সেখানেই আছেন। তাঁর সরকারের অনেক মন্ত্রী এবং দলের শীর্ষ নেতারাও প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে নিজেরাই জানিয়েছেন।

এর মধ্যে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় তাঁর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীও ভারতে আছেন।

গত ৯ জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। রয়টার্সের বরাত দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমও সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, চলতি বছরের ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হবেন এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মগোপন থেকে বেরিয়ে এসে তাঁর সঙ্গে আদালতে আত্মসমর্পণের আহবান জানান।

সাক্ষাৎকারে শেখ হাসিনার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে চিফ প্রসিকিউটর বলেন, সরকার ভারত সরকারের কাছে তাঁকে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তাঁর আসার কোনো সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাঁকে পুশ ব্যাক করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাঁকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে। নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে শেখ হাসিনা এমন বক্তব্য দিয়েছেন বলেও মনে করেন আমিনুল ইসলাম।

দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কি নাএমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে, এমন নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাঁকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে সংগত কারণেই তিনি প্রথমে কারাগারে যাবেন। এরপর তিনি আপিল করতে পারবেন কি না, সে বিষয়টির নিষ্পত্তি হবে। সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারার বিধান তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, সেকশন ২১-এর (৩) উপধারায় পরিষ্কার করে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের পর আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে, তাহলে সাজা বহাল থাকবে। আর যদি আপিল করা যায়, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হওয়ার তা হবে।

শেখ হাসিনার প্রসঙ্গ ছাড়াও ট্রাইব্যুনালে চলমান অন্যান্য মামলার হালনাগাদ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এভাবে খেললে ইংল্যান্ডের রক্ষা নেই

এভাবে খেললে ইংল্যান্ডের রক্ষা নেই

নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের খেলা দেখে আমার কাছে মনে হয়েছেএভাবে খেললে বড় দলের বিপক্ষে টিকে থাকা কঠিন। বলের দখল প্রতিপক্ষকে ছেড়ে দিয়ে, তাদের সময় ও জায়গা করে দিলে শেষ পর্যন্ত শাস্তি পেতেই হয়। নরওয়ে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলেই ইংল্যান্ড বেঁচে গেছে। আমার কাছে ইংল্যান্ড এই ম্যাচে ভাগ্যবান ছিল। সত্যি বলতে, তারা যেন নিশ্চিত বিপদ থেকে ফিরে এসেছে। ম্যাচের বড় একটা সময় নরওয়েই খেলেছে নিজেদের পরিকল্পনা এভাবে খেললে ইংল্যান্ডের রক্ষা নেইঅনুযায়ী। ইংল্যান্ডকে বারবার চাপে ফেলেছে, সুযোগও তৈরি করেছে। কিন্তু শেষ মুহূর্তে গোলের সামনে তারা যথেষ্ট কার্যকর হতে পারেনি। সেই ব্যর্থতার সুযোগই কাজে লাগিয়েছে ইংল্যান্ড। আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে ইংল্যান্ডের রক্ষণভাগ। চাপ এলেই তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। অবস্থান ধরে রাখা, প্রতিপক্ষকে আটকানো কিংবা বল হারিয়ে আবার বলের দখল নেওয়াসব ক্ষেত্রেই আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। বিশ্বকাপের শেষ চারে এমন রক্ষণ নিয়ে এগিয়ে যাওয়া সহজ হবে না। আক্রমণেও ইংল্যান্ড আমাকে হতাশ করেছে। তাদের ফুটবল ছিল ধীরগতির, অতিরিক্ত সতর্ক এবং অনেক সময় অকারণেই রক্ষণাত্মক। আধুনিক ফুটবলে শুধু ভুল না করলেই চলে না, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার সাহসও থাকতে হয়। সেই তাড়না ইংল্যান্ডের খেলায় খুব একটা দেখিনি। তবে নক আউট ফুটবলের সৌন্দর্য এখানেই। সব সময় ভালো খেলেই যে জিততে হবে, এমন কোনো নিয়ম নেই। কখনো কখনো বড় দলগুলো নিজেদের সেরা খেলাটা না খেলেও ফল নিজেদের পক্ষে নিয়ে আসে। ইংল্যান্ডও সেটাই করেছে। ফলের হিসাবে তারা সফল, কিন্তু পারফরম্যান্সের বিচারে এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি।

তবে একটি বিষয় আলাদা করে বলতে হবেজুড বেলিংহাম। ইংল্যান্ডের খেলা যতই ছন্দোহীন হোক, বেলিংহাম যেন সব সময় ম্যাচের মধ্যেই থাকেন। মাঝমাঠে বল ধরে রাখা, আক্রমণের গতি বাড়ানো, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া কিংবা প্রয়োজনের মুহূর্তে নিজেই দায়িত্ব নেওয়াসব ক্ষেত্রেই তিনি দলের সবচেয়ে উজ্জ্বল মুখ। বড় খেলোয়াড়দের মতোই বড় মঞ্চে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। কিন্তু একটি দলের ভাগ্য বারবার একজন ফুটবলারের কাঁধে ছেড়ে দেওয়া যায় না। বেলিংহামের ব্যক্তিগত নৈপুণ্য হয়তো নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছে, কিন্তু বিশ্বকাপের শেষ দুই ম্যাচে শুধু তাঁর মেধার ওপর ভর করে সাফল্য পাওয়া কঠিন। শিরোপা জিততে হলে পুরো দলকেই বেলিংহামের মানের ফুটবল খেলতে হবে।

এখন সামনে আর্জেন্টিনা। এমন একটি দল, যারা বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানে। প্রতিপক্ষের সামান্য ভুলও তারা কঠিন শাস্তিতে পরিণত করতে পারে। নরওয়ের মতো যদি আর্জেন্টিনাকেও এত সময় ও জায়গা দেওয়া হয়, তাহলে তার মূল্য আরো অনেক বেশি দিতে হতে পারে। কারণ তাদের দলে আছেন লিওনেল মেসির মতো মহাতারকা। যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জানেন। ইংল্যান্ড শেষ চারে উঠেছে, সেটিই এখন বাস্তবতা। কিন্তু যদি শিরোপা জিততে চায়, তাহলে তাদের খেলায় গতি আনতে হবে, রক্ষণকে আরো দৃঢ় করতে হবে এবং সবচেয়ে বড় কথা, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে। তা না হলে নরওয়ের বিপক্ষে যে সতর্কবার্তা মিলেছে, আর্জেন্টিনার বিপক্ষে সেটিই বিদায়ের কারণ হয়ে উঠতে পারে।