ফিনল্যান্ডের মূলধারার সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন 'পাম'-এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কাউন্সিল বডির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি অভিবাসী ভূঁঞা এন জামান। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরীর হালিশহরে। পামের জন্মলগ্ন থেকে এ প্রথম কোনো বাঙালি বা এশিয়ান আগামী চার বছরের জন্য ওই পদে নির্বাচিত হলেন। গত ১ থেকে ৩ জুন হেলসিঙ্কিতে অনুষ্ঠিত পামের চার বছর মেয়াদি কংগ্রেসে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি, কাউন্সিল পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিল পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন কংগ্রেস নির্বাচনী পরিষদের চেয়ারম্যান। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মিসেস এন সেলিন। এছাড়া কাউন্সিল পরিষদের চেয়ারম্যান হন মিসেস সিরপা লাক্সো। প্রসঙ্গত, সমগ্র ফিনল্যান্ডে পামের প্রায় ২ লাখ ৩০ হাজার সদস্য যার ৮০ শতাংশ নারী। যাঁরা মূলত ফিনল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। হেলসিঙ্কি থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সংবাদ২১ডটকমের সম্পাদক ভূঁঞা এন জামান স্থানীয় কমিউনিটিতে পরিচিত একটি মুখ। ২০০৫ সালে তিনি ফিনল্যান্ডে অভিবাসী হন। তিনি সাংবাদিকতার পাশাপাশি ফিনিশ সাংবাদিক ইউনিয়ন, হেলসিঙ্কি ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল কোয়ালিসন (কোকোমুস) পার্টির সদস্য।