যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের গ্রীষ্মকালীন একটি উৎসবের কাছে ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। হামলার ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান বলেছেন, লাইভ মিউজিক এবং স্থাপত্যবিষয়ক বাড়ি পরিদর্শনের বার্ষিক সমাবেশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভালের কাছে সাড়ে ৫টার দিকে গোলাগুলি শুরু হয়। গুলাগুলি দেখে মনে হচ্ছিল বন্দুকধারীরা সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১০ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকেভিচ স্থানীয় সংবাদমাধ্যম ‘ডব্লিউটিওইএল ১১’-কে জানিয়েছেন, গুলিবিদ্ধ সবাই বেঁচে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, আচমকা একঝাঁক গুলির শব্দে মানুষজন চিৎকার করতে করতে দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন। অন্য কিছু ভিডিওতে দেখা যায়, দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন রক্তাক্ত মানুষ একটি শামিয়ানার পাশে ঘাসের ওপর পড়ে আছেন। বিবিসি এই ভিডিওগুলোর সত্যতা এখনো পুরোপুরি যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।





