গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগারের সংকট এখন বড় মানবিক সমস্যায় পরিণত হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিশাল অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাসকারী মানুষ প্রতিদিনই এই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন।
বর্তমানে গাজায় প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় শিবিরে বসবাস করছেন। যুদ্ধ ও সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে তারা তাবুতে দিন কাটাচ্ছেন। তবে খাদ্য ও পানির সংকটের পাশাপাশি শৌচাগারের অভাবও তাদের দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ গাজার একটি তাবুশিবিরে বসবাসকারী ৩৮ বছর বয়সী মোস্তফা শাবান পরিবারের জন্য নিজেই একটি অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন। পরিবারের সদস্যদের গণশৌচাগার ব্যবহার থেকে রক্ষা করতেই তিনি এই উদ্যোগ নেন।
শাবান প্রথমে বালুমাটিতে একটি অগভীর গর্ত খনন করেন। পরে গর্তের চারপাশে কংক্রিটের আস্তরণ দেন, যাতে সেটি কিছুটা টেকসই হয়। এরপর গর্তের ওপর তলাবিহীন একটি প্লাস্টিকের বালতি বসান। সবশেষে পুরোনো একটি প্লাস্টিকের টয়লেট সিট লাগিয়ে শৌচাগারটি ব্যবহারের উপযোগী করেন।
তবে এই শৌচাগার ব্যবহারের অভিজ্ঞতাও সুখকর নয়। গর্ত থেকে সব সময় তীব্র দুর্গন্ধ বের হয়। সেখানে মাছি ও মশার উপদ্রবও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, শৌচাগারটি পরিবারের ঘুমানোর জায়গা এবং খাবার রান্নার স্থানের খুব কাছেই অবস্থিত। ফলে স্বাস্থ্যঝুঁকি আরো বেড়ে যায়।
শাবান জানান, প্রতি সপ্তাহে তাকে গর্তে জমে থাকা মলমিশ্রিত কাদা নিজ হাতে পরিষ্কার করতে হয়। অস্বাস্থ্যকর এই কাজ তার জন্য কষ্টকর হলেও পরিবারের সদস্যদের কিছুটা গোপনীয়তা ও স্বস্তি দিতে তিনি এটি করে যাচ্ছেন।
তার মতে, এই অস্থায়ী শৌচাগার আশ্রয় শিবিরের গণশৌচাগারগুলোর তুলনায় ভালো। কারণ সেই সাধারণ শৌচাগারগুলো শত শত মানুষ ভাগাভাগি করে ব্যবহার করেন। অতিরিক্ত ব্যবহারের কারণে সেগুলো খুবই নোংরা হয়ে থাকে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়।
মোস্তফা শাবান বলেন, 'আমি চাইনি আমার স্ত্রী ও সন্তানরা গণশৌচাগার ব্যবহার করুক। সেখানে গোপনীয়তা নেই, আর পরিস্থিতিও খুব খারাপ। এটি তাদের জন্য অপমানজনক।'
দুই বছর আগে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে তাকে নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। দক্ষিণ গাজার রাফাহ থেকে সরে গিয়ে তিনি বর্তমানে খান ইউনিস এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানে একটি তাবু শিবিরে পরিবারের সঙ্গে বসবাস করছেন।
নিজের তৈরি শৌচাগার সম্পর্কে শাবান বলেন, পরিস্থিতি খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর। কিন্তু অন্তত সেখানে তার পরিবারের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও বজায় থাকে।






