সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে অর্থাৎ মসজিদ আল-হারামে ইবাদতকারী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদতকারী ও হজযাত্রীরা ভিড়ের সর্বশেষ তথ্য জানতে পারবেন। এতে তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে। ফলে মুসল্লিরা তাওয়াফ ও সায়ী করার জন্য তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ডিজিটাল সেবার মাধ্যমে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ভিড় এড়াতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। ইবাদত পালনকারীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
এ ছাড়া কিউআর কোডের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল আরো সহজ করতে নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে।
ফলে তীর্থযাত্রীরা আরো স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণও আরো কার্যকর হবে।





