• ই-পেপার

১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় আকবর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবর হোসেন খালপাড় এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, আকবর হোসেন দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না। রবিবারও তিনি অসুস্থতার কথা জানান। পরে চিকিৎসকের কাছে যাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রী কুলসুমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি
যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো
সংগৃহীত ছবি

ঝালকাঠির সদর উপজেলার চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় আরো অনেকে।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে’। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।

বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল ২ স্কুল শিক্ষার্থীর
সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) উপজেলার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিয়ানের বাবা জাহাঙ্গীর সরদার জানান, খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা পলাশ বলেন, দুই শিশু প্রতিদিন একসঙ্গে বিদ্যালয়ে যেত এবং একসঙ্গেই বাড়ি ফিরত। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, ‘দুই শিক্ষার্থীই আজ বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা ছিল। তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্দ হয়ে গেছে। তারা দুজনই ভদ্র ও মিশুক স্বভাবের শিক্ষার্থী ছিল।’

ঘটনাট সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটির পর দুই শিশু খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি
রংপুরের পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ।

রংপুরের পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিতে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিকে আহ্বায়ক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিকে জরুরিভিত্তিতে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ বহাল রয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। 

এর আগে স্থানীয়রা ইউএনওর কাছে অভিযোগ করেন, প্রকল্পে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছে। অভিযোগের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারপক্ষের লোকজন হামলা চালায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রবিবার জারি করা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১৭ ও ১৮ জুলাই একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি বালু, অপর্যাপ্ত সিমেন্ট ও সিডিউলবহির্ভূত রড ব্যবহারের বিষয় উঠে এসেছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে তথ্যভিত্তিক মতামতসহ প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকল্পের সিডিউল ও নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। তদন্ত প্রতিবেদনে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শুক্রবার স্থানীয়দের অভিযোগের পর উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, শুধু কাজ বন্ধ রাখাই যথেষ্ট নয়, স্বাধীন কারিগরি মূল্যায়নের মাধ্যমে নির্মাণকাজের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠলেও এতদিন কার্যকর তদন্ত হয়নি।