টাঙ্গাইলের মির্জাপুরে চোরের দল ঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে শুক্রবার দুপুরের দিকে কয়েকজন লোক পানি খেতে আসেন। তাঁরা বাড়িটির টিউবওয়েলের কাছে যান। কিছুক্ষণ পর তারা চলে যান। দুপুরের দিকে টিউবয়েলের পাশে স্থাপিত ট্যাংকের পানি পান করলে আবুল হোসেন অচেতন হয়ে পড়েন।
তাঁর বড় ছেলে আলাউদ্দিন মিয়াসহ পরিবারের সবাই তাকে নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে যান। সন্ধ্যার দিকে আবুল হোসেনকে হাসপাতালে রেখে সবাই বাড়ি ফিরেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুই ঘরের টিনের বেড়া কেটে চোরের দল ঘরে ঢুকে। তারা ঘরের আলমারী ও সুকেচের তালা ভেঙে সেখানে রক্ষিত ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
শনিবার ভোরে বাড়ির লোকজন বিষয়টি টের পান। এসময় ঘরে রক্ষিত জমির দালিলসহ কাগজপত্র চোরের দল নিয়ে যায়। শুক্রবার দুপুরের দিকে বাড়িতে আসা লোকজন তাদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যায় এবং ওই ট্যাংকের পানি পান করে সবাই অচেতন হন বলে পরিবারের সবার ধারণা। এ ঘটনায় আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।




