ভারতের পশ্চিম অঞ্চলের রাজ্য গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে রাজ্যের আহমেদাবাদে শহরের বাস্ত্রাল এলাকার এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৯ জন।
দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের ওই কারখানাটি একটি খামারের ভেতরে পরিচালিত হচ্ছিল।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পান তারা। এরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি শুরু করে।
এর আগে কারখানাটির লাইসেন্স বাতিল করা হলেও সেখানে আতশবাজি তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।




