লিওনেল মেসি কী করতে পারেন তা কারো অজানা নয়। কোচদের তো অবশ্যই নয়। আর্জেন্টিনার অধিনায়ককে আটকানোর পরিকল্পনা তাই সব কোচই করেন। কিন্তু পারেন না। ঠিকই প্রতিপক্ষের হিসাব-নিকাশ উল্টিয়ে দেন তিনি।
ক্যারিয়ারের গোধূলিলগ্নেও তাই করছেন মেসি। তা না হলে ৩৯ বছর বয়সী প্লে মেকারের কাছে পরাস্ত হয়ে এমন কথা বলতেন না ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর তিনি বলেছেন, ‘আপনি হয়তো তাকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ—নিজের চোখের সামনেই ইতিহাস তৈরি হতে দেখা।’
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। ৮ গোলের বিপরীতে করেছেন ৪ অ্যাসিস্ট। আজ ফাইনাল ম্যাচ হওয়ায় আরো ভয়ংকর হবেন এটাই স্বাভাবিক। তাকে থামানোর বিষয়ে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘মেসি এমন এক খেলোয়াড় যাকে একজন দিয়ে থামানো সম্ভব নয়। তাকে থামাতে দল হয়ে কাজ করতে হবে।’
তবে ফুয়েন্তের কথার সঙ্গে দ্বিমত করছেন আন্দ্রেয়েস ইনিয়েস্তা। স্পেনের সাবেক মিডফিল্ডারের মতে, মেসিকে থামানো অসম্ভব। তাই উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন, নিজের খেলা দিয়েই আর্জেন্টিনাকে চাপে ফেলতে। নিউ ইয়র্কে স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার কিংবদন্তি বলেছেন, ‘তাকে পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। বরং, স্পেন নিজেদের স্বাভাবিক খেলা দিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলুক। আর সুযোগ তৈরি করে তা নিখুঁতভাবে কতটা কাজে লাগাতে পারে সেটাই আসল।’
মেসিকে বর্ণনা করার কোনো ভাষা জানা নেই ইনিয়েস্তার। টুপি খোলা শ্রদ্ধা জানিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থকে নিয়ে তিনি বলেছেন, ‘কোনো শব্দ নেই, কিংবা আমি ঠিক জানি না কীভাবে বর্ণনা করব। প্রতি ম্যাচে তার যে সংকল্প, আত্মবিশ্বাস এবং সে যা কিছু করে—তাকে শুধু টুপি খোলা অভিবাদন জানাতে পারি।’






