• ই-পেপার

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল নিশ্চিত হলো যাদের

বাংলাদেশ দলে ভিন্ন মাত্রা যোগ করেছেন আনিকা

রানা শেখ, গোয়া থেকে
বাংলাদেশ দলে ভিন্ন মাত্রা যোগ করেছেন আনিকা
বাংলাদেশ দলের স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

গোয়ার ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন শেষে অন্যরা যখন টিম বাসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও মাঠে ব্যস্ত আনিকা রানিয়া সিদ্দিকী। গোলরক্ষক মিলি আক্তারকে পেনাল্টি শটে একের পর এক পরাস্ত করতে দেখা গেল সুইডিশ প্রবাসী এই স্ট্রাইকারকে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মর্যাদার ম্যাচ সামনে রেখে আজ মিনিট দশেক অতিরিক্ত অনুশীলন করেছেন আনিকা। এতেই বোঝা যায়, ম্যাচটা নিয়ে কতটা সিরিয়াস তিনি! কোচ পিটার বাটলারও তার এই অতিরিক্ত পরিশ্রমের প্রশংসা করলেন, ‘আমি তাকে সবসময় উৎসাহ দিয়ে থাকি। এটাও বলেছি, উন্নতি করতে হলে এটার (অতিরিক্ত পরিশ্রম) বিকল্প নেই। শুধু তার ক্ষেত্রে নয়, সবার জন্য।’

উইঙ্গার হিসেবে গত মার্চে বাংলাদেশ দলে অভিষেক হলেও সাফ চ্যাম্পিয়নশিপে এসে নতুন ভূমিকায় আনিকা। স্ট্রাইকার হিসেবে খেলে প্রথম ম্যাচেই পেয়েছেন গোল। শারীরিকভাবে শক্তিশালী এই ফুটবলার দলে ভিন্ন মাত্রা যোগ করেছেন বলে জানালেন বাটলার, ‘আমরা এখন ভিন্ন একটি দল। আমরা অনেক ভালো ফুটবল খেলি। আমাদের দলে বেশ কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে এসেছে। তবে আমি কোনো একজন খেলোয়াড়ের ওপর গুরুত্ব দিতে চাই না। আমার মনে হয় আমাদের দলে অনেক ম্যাচজয়ী ফুটবলার আছে। আনিকা আমাদের খেলায় সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করেছে।’

ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, উমেহ্লা মারমাদের সঙ্গে আনিকা থাকায় আক্রমণভাগেও শক্তি বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে ভারতের আক্রমণভাগেও আছে পার্থক্য গড়ে দেওয়ার মতো ফুটবলার। তবে এই ম্যাচে স্বাগতিকরা পাচ্ছে না দলের অন্যতম সেরা ফরোয়ার্ড মনীষা কল্যাণকে। পেরুর ক্লাব আলিয়াঞ্জা লিমার হয়ে খেলা এই ফুটবলার দলের সঙ্গে যোগ দেবেন ১ জুন।

সেদিনই শুরু হবে ফিফা উইন্ডো। উইন্ডোর আগেই সাফ শুরু হয়ে যাওয়ায় মনীষাকে ছাড়েনি তার ক্লাব। এএফসি এশিয়ান কাপে চায়নিজ তাইপের বিপক্ষে ফ্রি কিকে দুর্দান্ত গোল করেছিলেন তিনি। ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন মনীষার না থাকা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে বাংলাদেশকে।

তবে বাকি যারা আছেন—সৌম্য গুগুলাথ, কাভিয়া পাক্কিরিসামি, গ্রাস দাংমেইরাও কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে বাংলাদেশের রক্ষণভাগকে।

এ নিয়ে বাটলার বলেছেন, ‘ভারতের আক্রমণ যতই শক্তিশালী হোক, আমাদেরও আক্রমণভাগ আছে। প্রয়োজন হলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারি, প্রয়োজন হলে লড়াই করে রক্ষণ করতে পারি। আমরা প্রতিপক্ষকে কাটিয়ে উঠতে পারি, সুযোগ তৈরি করতে পারি—সেটা আমরা আগেও দেখিয়েছি। এখন মূল বিষয় হলো সেই সুযোগগুলোকে গোলে রূপ দেওয়া।’

‘আমি কোনো দলকে ভয় পাই না’—ভারত ম্যাচ নিয়ে বাটলার

রানা শেখ, গোয়া থেকে
‘আমি কোনো দলকে ভয় পাই না’—ভারত ম্যাচ নিয়ে বাটলার
বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

ভোরের আলো ফোটার পরপরই গোয়ার ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে হাজির বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সময়েও এখানে গরমের তীব্রতা ছিল অসহনীয়। এর মাঝেই প্রায় ঘণ্টা দুয়েক ঘাম ঝরালেন পিটার বাটলারের শিষ্যরা। রানিং, স্ট্রেচিংয়ের পর দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ আবহে প্রস্তুতি সারলেন মারিয়া মান্দা-মনিকা চাকমারা।

প্রস্তুতির অধিকাংশ সময়েই চলল সেট পিস অনুশীলন। কখনো কর্নার আবার কখনো ফ্রি কিকে শানিয়ে নেওয়ার চেষ্টা ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়রদের। অনুশীলনের পুরোটা সময়ই খুব সিরিয়াস দেখা গেছে ফুটবলারদের। কারণ সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ।

দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে গ্রুপসেরা কে হবে সেটা নির্ধারণ হবে এই ম্যাচে। ভারত গোল ব্যবধানে (+১১) অনেক এগিয়ে বাংলাদেশের (+২) চেয়ে। সেক্ষেত্রে গ্রুপসেরা হতে গেলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

তাই এই ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ দেখছেন কোচ বাটলার, 'আপনি নেপালের বিপক্ষে খেলুন বা ভারতের বিপক্ষে, বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। আপনি সেমিফাইনালে আছেন, এটাই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এক ধাপ করে এগিয়ে যাওয়া। আমি বহুবার এমন পরিস্থিতির মধ্যে ছিলাম। ভারত হোক, নেপাল হোক—আমি কোনো দলকেই ভয় পাই না। বরং এমন দলের মুখোমুখি হতে পেরে আমি খুশি। কারণ তারা আপনার পরীক্ষা নেয়। মেয়েদের জন্য এটি নিজেদের সামর্থ্য দেখানোর আরেকটি সুযোগ।'

SPORTS kK
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

মালদ্বীপের বিপক্ষে অনেক সু্যোগ নষ্ট করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। তাতে বড় জয়ের প্রত্যাশা পূরণ হয়নি। ম্যাচ জিতলেও মেয়েদের মধ্যে হতাশা ছিল। এটা শেখারই অংশ বলে মনে করেন বাটলার, ‘আমি মনে করি না তারা ভেঙে পড়েছিল বা হতাশ ছিল। তারা হয়তো শুধু হতাশ হয়েছিল কারণ আমাদের অনেক বড় ব্যবধানে জেতার কথা ছিল। আমাদের প্রায় ৮০ শতাংশ বলের দখল ছিল। কিন্তু তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ঋতুপর্ণার দিনটা ভালো যায়নি, আরো কয়েকজনেরও ভালো যায়নি।’

বাটলার আরো বলেন, ‘এমন দিন আসতেই পারে। এটা শেখারই অংশ। আমার মতে ঋতুপর্ণা দক্ষিণ এশিয়ার সেরা উইঙ্গারদের একজন। তার অনেক সম্ভাবনা আছে, সে তরুণী এবং অসাধারণ প্রতিভাবান। আমি তার সঙ্গে কাজ করা খুব উপভোগ করি। সে একেবারে সতেজ বাতাসের মতো। মনিকাও ফিরে এসেছে, যা ভালো খবর। আগামীকাল সকালে আমরা দল চূড়ান্ত করব।’

ভারতের বিপক্ষে মিডফিল্ডার মনিকা চাকমা সঙ্গে আরো কয়েকজনকে সু্যোগ দেওয়ার কথা ভাবছেন বাংলাদেশ কোচ, ‘এই ম্যাচ আমাদের জন্য কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ করে দেবে। মনিকা ফিরছে। আজ সকালে আমি কয়েকটি বিষয় নিয়ে কাজ করেছি। পরিকল্পনা ‘এ’, পরিকল্পনা ‘বি’—যাই বলুন না কেন, আমাদের কিছু বিকল্প আছে। তবে আমরা জানি, আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমরা অবশ্যই তাদের নিয়ে হোমওয়ার্ক করব। এখান (অনুশীলন) থেকে ফিরে আমরা আগের ম্যাচের বিশ্লেষণে বসব এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেব।’

ভারতের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচেই বাংলাদেশ। ২০২২ সাফে ৩-০ এবং ২০২৪ আসরে জয় ছিল ৩-১ ব্যবধানে। এবার ভারতের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাদের হারানোর পরিকল্পনা আঁটছে বাংলাদেশ। জিততে পারলে হ্যাটট্রিক শিরোপার মিশনে এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান

অনলাইন ডেস্ক
পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের অপেক্ষার অবসান
সংগৃহীত ছবি

আজ ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এক ম্যাচের দিকে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। একপক্ষের লক্ষ্য আধিপত্যের নতুন ইতিহাস লেখা, অন্যপক্ষের স্বপ্ন প্রথমবারের মতো ইউরোপের সিংহাসনে বসা।

আজ রাত ১০টায় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শুরু হবে মহারণ। শিরোপা ধরে রেখে নিজেদের শক্তির বার্তা আরো জোরালো করতে চায় পিএসজি। অন্যদিকে দুই দশকের অপেক্ষা শেষে আবার ফাইনালে ওঠা আর্সেনাল চাইছে বহু কাঙ্ক্ষিত ইউরোপসেরার ট্রফিতে প্রথমবারের নিজেদের নাম লিখতে।

একসময় ইউরোপ জয় করতে বিশ্বের সেরা সেরা তারকাদের ভিড় করিয়েছিল পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকারাও ক্লাবটিকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত সাফল্য। অথচ তাদের বিদায়ের পরই যেন বদলে যায় পুরো গল্প।

স্প্যানিশ কৌশলী লুইস এনরিকের নেতৃত্বে নতুন রূপে আবির্ভূত হয় প্যারিসের দলটি। গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবারও তারা পৌঁছে গেছে ফাইনালে। আজ জিততে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করবে তারা।

গত মৌসুমের সেমিফাইনালে আর্সেনালের স্বপ্ন ভেঙেছিল পিএসজিই। দুই লিগ মিলিয়ে জয় তুলে নিয়ে ফাইনালে যায় ফরাসি ক্লাবটি। তবে এক বছরে বদলে গেছে অনেক কিছু। দীর্ঘ ২২ বছর পর ইংলিশ লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে আর্সেনাল। দলে এসেছে ছন্দ, গভীরতা ও আত্মবিশ্বাস। সেই কারণেই এবার প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পিএসজির।

ফাইনালে পিএসজির সবচেয়ে বড় ভরসা উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়া। গতি, দক্ষতা আর গোল করার সামর্থ্যে এই দুজন প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে সক্ষম।

অন্যদিকে আর্সেনালের আক্রমণভাগও কম শক্তিশালী নয়। বুকায়ো সাকার সৃজনশীলতা, কাই হাভার্টজের অভিজ্ঞতা এবং ভিক্টর ইয়োকেরেসের শক্তিশালী উপস্থিতি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের সমন্বয় আর্সেনালকে দিয়েছে নতুন ভারসাম্য। ফলে ম্যাচটি কেবল দুই দলের নয়, দুই ফুটবল দর্শনেরও লড়াই হয়ে উঠতে যাচ্ছে।

ফাইনালের আগে পিএসজি কোচ লুইস এনরিকে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেছেন, আর্সেনাল তাদের কোচ মিকেল আরতেতার চিন্তা ও ব্যক্তিত্বের প্রতিফলন।

অন্যদিকে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজের কণ্ঠে শোনা গেছে দৃঢ় প্রত্যয়। তার বিশ্বাস, মাঠের লড়াইয়েই প্রমাণ হবে কে এগিয়ে।

একদিকে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি, অন্যদিকে প্রথম ইউরোপজয়ের স্বপ্ন। দুই দলের সামর্থ্য, আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ফুটবল দর্শন মিলিয়ে আজকের ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখবে রোমাঞ্চকর এক লড়াই।

২০৩০ বিশ্বকাপেও খেলবে রোনালদো : পর্তুগিজ কোচ

ক্রীড়া ডেস্ক
২০৩০ বিশ্বকাপেও খেলবে রোনালদো : পর্তুগিজ কোচ
ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি

বয়স এখন ৪১। ২০৩০ বিশ্বকাপের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে ৪৫ বছর। আয়োজক দেশগুলোর একটি পর্তুগাল হওয়ায় তখনও জাতীয় দলে তার থাকা নিয়ে প্রশ্ন উঠলেও, সেই সন্দেহ একেবারেই উড়িয়ে দিয়েছেন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ।

স্প্যানিশ রেডিও ক্যাডেনা সেরে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ স্পষ্ট জানিয়ে দেন, ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘কেউই সন্দেহ করতে পারে না যে রোনালদো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। সে এমন এক বিশ্বাস ও মানসিকতা অর্জন করেছে।’

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ২২৬ এবং গোল ১৪৩, দুই ক্ষেত্রেই তিনি সবার চেয়ে অনেক এগিয়ে।

রোনালদোর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এর আগে ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করে।

২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ইতিহাস গড়েন রোনালদো। তিনি প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও স্থাপন করেন।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার নিয়ে মার্তিনেজ বলেন, অনেক খেলোয়াড় বড় সাফল্যের পর মোটিভেশন হারিয়ে ফেললেও রোনালদো ব্যতিক্রম। তার ভাষায়, রোনালদো এমন একজন, যিনি সাফল্যের পরও একই ক্ষুধা ধরে রেখেছেন।

তিনি আরো বলেন, ‘তার দীর্ঘ সময় ধরে খেলার পেছনে মূল কারণ এই লক্ষ্য ও মানসিকতা। জেনেটিক সুবিধা আছে, নিজের শরীরের যত্নও অসাধারণ, কিন্তু সবচেয়ে বড় বিষয় তার মানসিক শক্তি।’

আসন্ন ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা।