মাঠের পাশেই বড় করে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন’। অথচ সেই বার্তার সামনেই দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও হাতাহাতি থামাতে গিয়ে মাঠে ছিটকে পড়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ২৬ বছর বয়সী এই ফরাসি রেফারি মাথায় আঘাত পেয়েছেন।
গোল ডট কমের খবরে বলা হয়েছে, গতকাল (২৫ জুলাই) ফ্রান্সের ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে। পূর্ব ফ্রান্সের ফোরবাখে শ্লসবের্গ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি ৩-১ গোলে জেতে মেৎজ। তবে প্রীতি ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় নারী রেফারির আহত হওয়ার অপ্রীতিকর ঘটনা।
ম্যাচের ৪০ মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের দুজন মুখোমুখি অবস্থান নেন। মুহূর্তের মধ্যেই তাদের ঘিরে জড়ো হন আরো কয়েকজন ফুটবলার। উত্তেজনা দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি শান্ত করতে ছুটে যান রেফারি দেমোঁসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করার সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে সজোরে মাঠে ছিটকে পড়েন দেমোঁসে। কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন তিনি।
সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকেরা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দেমোঁসের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। খেলা আবার শুরু হলে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন দেমোঁসে। তবে বিরতির সময় মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তার জায়গায় দায়িত্ব পালন করেন অন্য এক সহকারী রেফারি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেমোঁসে কনকাশনে আক্রান্ত হয়েছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ফরচুনা সিটার্ড নিজেদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে। মেৎজের প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটির উল্লেখই ছিল না।





